বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে […]
ছবি: সংগৃহীত
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং জাতীয় সংসদেও ব্যাপক আলোচনা হয়।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। পরে প্রচলিত বিধি অনুসরণ করে নতুন নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়নের নাম নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর প্রতিমন্ত্রী মীর শাহে আলমও বিষয়টি নিয়ে বিব্রত বোধ করেন। কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা বিতর্কের সুযোগ না রাখতে তিনি নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজায়ের তিনটি নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।
পরবর্তীতে অভিযোগ ওঠে যে ‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিলে যায়। একইভাবে তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে দুই ইউনিয়নের নামের মিল থাকায় বিতর্কের সৃষ্টি হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পাশাপাশি নামকরণ প্রক্রিয়া এবং গণশুনানির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। পরে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হয়।
সংসদে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই এসব নাম চূড়ান্ত করা হয়েছিল।
তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নির্বাচন করা হয় এবং তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকাটা কেবল কাকতালীয় ঘটনা।
তবে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে এখন ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়দের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।