বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা, আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মানবিক বিভিন্ন ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা, আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মানবিক বিভিন্ন ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস ও মাদকবিরোধী সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
আলোচনার শুরুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী সৈয়দ মহসিন নাকভীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, সেই সফরের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার এবং অপব্যবহার প্রতিরোধে যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তা সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৪ বছর পর চলতি বছরের জানুয়ারি মাস থেকে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের যোগাযোগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের বিভিন্ন সমস্যার বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, প্রয়োজনীয় পারিবারিক নথিপত্র বা ‘ফ্যামিলি ট্রি’ না থাকায় পাকিস্তানে বসবাসরত বহু বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড (সিএনআইসি) সংগ্রহ করতে পারছেন না। এর ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যার মানবিক সমাধানে পাকিস্তান সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
নগর নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের ‘সেফ সিটি’ প্রকল্পের প্রশংসা করে বলেন, দেশটির ৪০টিরও বেশি শহরে বাস্তবায়িত এই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের জন্যও একটি কার্যকর মডেল হতে পারে।
তিনি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের তৎকালীন সিনিয়র সচিব, বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব, ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচির ‘সেফ সিটি’ প্রকল্প পরিদর্শন করেন। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বড় শহরগুলোতেও একই ধরনের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া যেতে পারে।
এ বিষয়ে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও পাকিস্তানের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সৌদি আরবে অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক মানবিক সংকট মোকাবিলায় দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ এখনো প্রায় ১০ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসইভাবে ফিরিয়ে নেয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অব্যাহত সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।
বৈঠকের একপর্যায়ে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সালাহউদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ভবিষ্যতেও নিরাপত্তা, আইনশৃঙ্খলা, প্রযুক্তি, মানবিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়।