বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এই মহড়ায় দুই দেশের বিমানবাহিনীর সদস্যরা বিভিন্ন […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ১ নভেম্বর শুরু হওয়া এই মহড়ায় দুই দেশের বিমানবাহিনীর সদস্যরা বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এর মূল উদ্দেশ্য ছিল যৌথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং দুই দেশের বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। বক্তব্যে তিনি যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডটও মহড়ার বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ দিনের মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা এবং বিমানসংক্রান্ত চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া আকাশপথে মালামাল পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং বিমান দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়েও দুই দেশের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হয়।
মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ১৮ জন সদস্য অংশ নেন। সব মিলিয়ে দুই দেশের ১৩৮ জন সদস্যের অংশগ্রহণে সম্পন্ন হয় ‘কোপ সাউথ-২০২৬’।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, মহড়ার মাধ্যমে পরিবহন বিমান পরিচালনা, নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।