দি বাংলা ভয়েস : বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবীতে ও সারা দেশে মাজার ভাঙ্গার প্রতিবাদে লালন পরিষদ ইউএসএ নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে । ২৩ নভেম্বর রাত ৮টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতেই বক্তব্য রাখেন সংগঠনের প্রধান আব্দুল হামিদ। এরপর সমাবেশে বক্তব্য রাখেন প্রখ্যাত বাউল […]
দি বাংলা ভয়েস : বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবীতে ও সারা দেশে মাজার ভাঙ্গার প্রতিবাদে লালন পরিষদ ইউএসএ নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ।

২৩ নভেম্বর রাত ৮টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুরুতেই বক্তব্য রাখেন সংগঠনের প্রধান আব্দুল হামিদ। এরপর সমাবেশে বক্তব্য রাখেন প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া , বাউল শিল্পী আব্দুল করিম হাওলাদার ,বাউল শিল্পী শাহ মাহবুব , মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, কবি হাসান আল আব্দুল্লাহ , বাউল কবি ফকির ইলিয়াস, রাকসুর সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারী, সাংস্কৃতিক সংগঠন সনজীবন কুমার, একুশে চেতনা পরিষদের সভাপতি ওবায়দুল্লাহ মামুন , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শিতাংশু গুহ সাংস্কৃতিক কর্মী সাবিহা হাই উর্বি , বাচিক শিল্পী গোপন সাহা, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র‘র সাধারণ সম্পাদক সিকৃতি বড়ুুয়া, সাংস্কৃতিক কর্মী আসলাম আহম্মেদ খান প্রমূখ। সভা সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও লালন পরিষদ ইউএসএ‘র অন্যতম সদস্য গোপাল স্যানাল।
বক্তরা বলেন,আবুল সরকারের পালাগানের খণ্ডিত অংশ কেটে ইউটিউবে প্রচার করে বিভ্রান্তি ছড়িয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সমাবেশে বক্তরা বলেন, বর্তমান সরকারের সময়ে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। একটি বিশেষ গোষ্ঠী যেন ইসলাম ধর্মের ‘সোল-এজেন্ট’ হিসেবে আবির্ভূত হয়ে দেশব্যাপী শুদ্ধি-অভিযানে নেমেছে। দুই শতাধিক মাজার ভাঙা, অসংখ্য ব্যক্তিকে মুরতাদ-কাফের-শাতিম ঘোষণা, কবর থেকে তুলে লাশ পোড়ানো, রাস্তার জটাধারী বাউল-ফকিরদের ধরে ধরে চুল কেটে দেয়া, নারীদের চলাচল ও পোশাক নিয়ে হেনস্তা করা, নাচগান-নাটকের অনুষ্ঠান এমনকি খেলাধুলা ও মেলার মতো আয়োজন পণ্ড করার মধ্য দিয়ে ভিন্নমত ও ভিন্ন-আচারের মানুষদের নির্মূল করাই যেন তাদের লক্ষ্য।
সমাবেশে আন্দোলনকারীদের হাতে ‘আবুল সরকারের মুক্তি চাই’, ‘গান, জ্ঞান ও ভক্তির নিরাপত্তা চাই’, ‘মাজার দরবার রক্ষা করো’, ‘পৃথিবীটা একদিন বাউলের হবে’—ইত্যাদি স্লোগান সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।
উল্লেখ্য গত (বুধবার, ১৯ নভেম্বর) বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ইসলাম ধর্মের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করেছেন।
সেই সঙ্গে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উসকানি দেয়ার অপরাধ করেছেন। যদিও তার ভক্ত-শিষ্যদের এবং দেশের সাধারণ মানুষের দাবি পালাগানের নির্দিষ্ট একটি অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।