অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত শিশুটির নাম সাম আবু হাইকাল। তার বাবা ফাহাদ আবদুল আজিজ আবু হাইকাল বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগের তথ্য […]
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত শিশুটির নাম সাম আবু হাইকাল। তার বাবা ফাহাদ আবদুল আজিজ আবু হাইকাল বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক।
ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার (৫ জুন) ফাহাদ আবু হাইকাল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হেবরনের তেল রুমেদা এলাকায় নিজের মায়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ইসরায়েলি সেনারা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়।
একটি গুলি প্রথমে ফাহাদের হাতে আঘাত করে। পরে সেটি তার স্ত্রীর শরীর ভেদ করে সাত মাস বয়সী শিশু সাম আবু হাইকালের চোয়ালে গিয়ে লাগে।
গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান, গ্রেপ্তার অভিযান, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আনাদোলু।