সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:২৯ অপরাহ্ন, ২০ জুন ২০২৬

বিদ্যুৎ না থাকায় বাড়ির বাইরে বসে ছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করল ডাকাতেরা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে ডাকাতরা পাশের আরেকটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এবং রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশের […]

বিদ্যুৎ না থাকায় বাড়ির বাইরে বসে ছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করল ডাকাতেরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে ডাকাতরা পাশের আরেকটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এবং রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির সামনের সড়কের পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সাকিব হাছান খাঁন, মুকুল, রাজিব, রুবেল, ফারুক এবং ডালিয়া নামে আরও পাঁচজন আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, ওই ঘটনার কিছু সময় পর একই ডাকাত দল রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলায় সহকারী কমিশনারসহ কয়েকজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাতরা তাদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় সামনে যাদের পেয়েছে তাদের ওপর হামলা চালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছিলেন। তিনি চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ