বিরোধী দলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংসদের কাছে দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক বেশি। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের কারণে দেশের মানুষকে নানা […]
ছবি: সংগৃহীত
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংসদের কাছে দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক বেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের কারণে দেশের মানুষকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ধরনের সমস্যা সমাধানে তিনি বিরোধী দলের সদস্যদের সহযোগিতাও প্রত্যাশা করেছিলেন।
তবে সংকট মোকাবিলায় রাজপথের কর্মসূচির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য একটি বড় গাড়ির লংমার্চ আয়োজন করা হয়েছিল। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
লংমার্চের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গাড়ির লংমার্চ করেই যদি গ্যাস বা বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব হতো, তাহলে সরকারই সবার আগে এ ধরনের কর্মসূচির আয়োজন করত।
প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক আলোচনা প্রয়োজন। একই সঙ্গে জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।