পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত দাম নেওয়া ও নানা অনিয়মের দায়ে ৭ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার […]
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত দাম নেওয়া ও নানা অনিয়মের দায়ে ৭ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযান শুরুর আগে তিনি বোরকা পরে ছদ্মবেশে সাধারণ ক্রেতা সেজে বাজারে গিয়ে বিভিন্ন দোকান ঘুরে মূল্য পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানসহ বিভিন্ন স্থানে গিয়ে তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগলের মাংস একই দামে বিক্রির মতো অনিয়মের প্রমাণ পান। পরে প্রকাশ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট, মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির চেষ্টা করে। জনস্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রথমে ছদ্মবেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়, এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রমজান মাসজুড়ে উপজেলার সব বাজারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।