ভারতের সঙ্গে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের একটি বৃহৎ ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। দেশটির একটি শহরে এই ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসুলেট। শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে ঘোষিত এ উদ্যোগকে দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদারের প্রচেষ্টা হিসেবে […]
ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের একটি বৃহৎ ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। দেশটির একটি শহরে এই ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসুলেট।
শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে ঘোষিত এ উদ্যোগকে দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাখ বলেছেন, ভারতীয় ইতিহাসে ছত্রপতি শিবাজীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অবদানকে সম্মান জানাতেই ইসরায়েলের মাটিতে তার ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প নয়; বরং ভারত ও ইসরায়েলের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার প্রতীকী পদক্ষেপ। ভবিষ্যতে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভাস্কর্য নির্মাণের জন্য মহারাষ্ট্র সরকারের সহযোগিতাও চেয়েছে ইসরায়েল। এ লক্ষ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে ঐতিহাসিক তথ্য, নকশা এবং শিল্প-পরামর্শ চাওয়া হয়েছে। ফড়নবিশ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, মহারাষ্ট্রের সঙ্গে ভারতীয় ইহুদি সম্প্রদায়ের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বর্তমানে সেই সম্প্রদায়ের অনেক সদস্য ইসরায়েলের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই ঐতিহাসিক যোগসূত্রের বিষয়টিও ভাস্কর্য স্থাপনের পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে।
ইয়ানিভ রেভাখ আরও বলেন, ইসরায়েলের সাধারণ মানুষের কাছে শিবাজী মহারাজের নেতৃত্ব, বীরত্ব এবং ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যও রয়েছে এই উদ্যোগের পেছনে। একইসঙ্গে এটি ভারত-ইসরায়েল বন্ধুত্বের একটি স্থায়ী প্রতীক হয়ে থাকবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, শিবাজী মহারাজের স্মৃতিকে সম্মান জানিয়ে ইসরায়েলের এমন উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
সূত্র: এনডিটিভি