জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ অবকাঠামো নিয়ে এক সংসদ সদস্যের প্রশ্নকে ঘিরে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রসিকতার ছলে বলেন, ‘মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ অবকাঠামো নিয়ে এক সংসদ সদস্যের প্রশ্নকে ঘিরে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রসিকতার ছলে বলেন, ‘মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন তার নির্বাচনী এলাকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন।
তিনি বলেন, চারটি জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে তাদের আসনটি রাজনৈতিকভাবে সংখ্যালঘু অবস্থানে রয়েছে। এরপর তিনি রসিকতার সুরে বলেন, তাদের এলাকায় একটি প্রচলিত কথা রয়েছে—গোবিন্দগঞ্জ নাকি ‘জান্নাতের পাদদেশে’। কেন এমন বলা হয়, সেটি তিনি নিজেও জানেন না বলে মন্তব্য করেন।
সংসদ সদস্য জানান, মহাস্থানগড়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (বিপিজিসি)-এর একটি সাবস্টেশন রয়েছে এবং পাশের পলাশবাড়ীতেও আরেকটি সাবস্টেশন আছে। কিন্তু প্রায় ৪ লাখ ৭০ হাজার ভোটার এবং প্রায় ৬ লাখ মানুষের বসবাস থাকা গোবিন্দগঞ্জ উপজেলায় এখনো বিপিজিসির কোনো সাবস্টেশন স্থাপন করা হয়নি।
তিনি বলেন, এ কারণে এলাকার কোচাশহর হোসিয়ারি শিল্পসহ প্রায় দুই হাজার ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান নিয়মিত বিদ্যুৎ সমস্যার মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক ঝড়-বৃষ্টির সময় প্রায় আট ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
শামীম কায়সার লিংকন সরকারের কাছে জানতে চান, গোবিন্দগঞ্জে একটি বিপিজিসি সাবস্টেশন স্থাপনের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
প্রশ্নটি করার পরই সংসদ কক্ষে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জ্বালানিমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় বিদ্যুৎমন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’
স্পিকারের এই মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে।
জবাব দিতে উঠে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও একই সুরে রসিকতা করেন। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। সেখানে আমার নানাশ্বশুরবাড়ি।’
তার এই বক্তব্যেও সংসদ সদস্যদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
এরপর মন্ত্রী গোবিন্দগঞ্জে বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন এবং সাবস্টেশন স্থাপনের বিষয়ে সরকারের পরিকল্পনা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে সংসদকে অবহিত করেন।