রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা পাইপ বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। শুক্রবার (২৪ জুলাই) রাতে মেট্রো স্টেশনের নিচের সড়কে পথচারীরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। […]
ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা পাইপ বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে মেট্রো স্টেশনের নিচের সড়কে পথচারীরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলেন এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন।
ঘটনার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিশেষ কৌশলে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মেট্রোরেল চলাচল পুনরায় শুরু করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমদিকে এটিকে পেট্রোল বোমা বলে ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, এটি ছাতার ভেতরে কৌশলে স্থাপন করা একটি পাইপ বোমা ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাতাটি কেউ খুলতে গেলেই বিস্ফোরণ ঘটতে পারত। ফলে ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষের প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিস্ফোরকটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে এবং কারা এটি সেখানে রেখে গেছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের মতে, সময়মতো সন্দেহজনক বস্তুটি শনাক্ত হওয়ায় সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।