কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহতের খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। তবে ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন, নিহত শিশুটি তার নিজেরই ছেলে। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের […]
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহতের খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। তবে ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন, নিহত শিশুটি তার নিজেরই ছেলে। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল এলাকার আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় তুহিন গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্য শামসুল হক। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন, নিহত স্কুলছাত্রটি তারই সন্তান।
ছেলের মরদেহ দেখে কনস্টেবল শামসুল হক মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, শামসুল হক থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখানে পৌঁছে জানতে পারেন, নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও জানান, নিহত তুহিনের মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।