যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আবেদনকারীদের এখন নাগরিক জ্ঞান বা সিভিকস পরীক্ষায় ২০টি প্রশ্নের মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হবে। ২০২৫ সালে সংশোধিত পরীক্ষাপদ্ধতিতে এ নিয়ম চালু করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। তবে আবেদন জমার তারিখ, বয়স এবং গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের সময় অনুযায়ী পরীক্ষার নিয়ম ও ছাড়ের সুযোগ ভিন্ন হতে পারে। ইউএসসিআইএসের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আবেদনকারীদের এখন নাগরিক জ্ঞান বা সিভিকস পরীক্ষায় ২০টি প্রশ্নের মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হবে। ২০২৫ সালে সংশোধিত পরীক্ষাপদ্ধতিতে এ নিয়ম চালু করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। তবে আবেদন জমার তারিখ, বয়স এবং গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের সময় অনুযায়ী পরীক্ষার নিয়ম ও ছাড়ের সুযোগ ভিন্ন হতে পারে।
ইউএসসিআইএসের নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের ২০ অক্টোবর বা তার পরে এন-৪০০ ফরমের মাধ্যমে নাগরিকত্বের আবেদন জমা দেওয়া ব্যক্তিদের নতুন পদ্ধতির পরীক্ষায় অংশ নিতে হবে। এ জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংবিধান ও সরকারব্যবস্থা বিষয়ে মোট ১২৮টি প্রশ্নের উত্তর প্রস্তুত করতে হবে।
নাগরিকত্বের সাক্ষাৎকারের সময় ইউএসসিআইএস কর্মকর্তা ওই ১২৮টি প্রশ্ন থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করবেন। এর মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে পারলে পরীক্ষার্থী উত্তীর্ণ হবেন। ১২টি সঠিক উত্তর দেওয়ার পরই পরীক্ষা শেষ করা হবে। অন্যদিকে, ৯টি ভুল উত্তর হলে পরীক্ষার্থী অকৃতকার্য হবেন।
তবে ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে আবেদন জমা দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত আগের নিয়ম প্রযোজ্য হবে। ২০০৮ সালের পরীক্ষাপদ্ধতি অনুযায়ী, তাঁদের ১০০টি প্রশ্নের উত্তর প্রস্তুত করতে হয়। সাক্ষাৎকারে সর্বোচ্চ ১০টি প্রশ্ন করা হয় এবং অন্তত ছয়টির সঠিক উত্তর দিতে পারলে উত্তীর্ণ হওয়া যায়।
ইংরেজি ভাষার পরীক্ষাও দিতে হবে
নাগরিকত্ব পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইংরেজি ভাষার দক্ষতা যাচাই। এতে আবেদনকারীর ইংরেজিতে কথা বলা, পড়া ও লেখার সক্ষমতা পরীক্ষা করা হয়।
ইংরেজিতে কথা বলার জন্য আলাদা কোনো নির্দিষ্ট সংখ্যার প্রশ্ন থাকে না। নাগরিকত্বের আবেদন ও ব্যক্তিগত তথ্য নিয়ে সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ইংরেজি বোঝার ক্ষমতা এবং উত্তর দেওয়ার দক্ষতা মূল্যায়ন করেন ইউএসসিআইএস কর্মকর্তা।
পড়ার পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বাক্যের মধ্যে অন্তত একটি সঠিকভাবে পড়ে শোনাতে হয়। একইভাবে লেখার পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বাক্যের মধ্যে অন্তত একটি গ্রহণযোগ্যভাবে লিখতে হয়।
বয়স ও গ্রিন কার্ডের মেয়াদ অনুযায়ী ছাড়
নির্দিষ্ট বয়স ও দীর্ঘদিনের বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার ভিত্তিতে কিছু আবেদনকারী ইংরেজি পরীক্ষার শর্ত থেকে ছাড় পেতে পারেন। যাঁদের বয়স অন্তত ৫০ বছর এবং যাঁরা কমপক্ষে ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা, তাঁরা এ সুবিধার যোগ্য হতে পারেন। একইভাবে, অন্তত ৫৫ বছর বয়সী এবং ১৫ বছর ধরে গ্রিন কার্ডধারী ব্যক্তিরাও ইংরেজি পরীক্ষায় ছাড় পেতে পারেন।
তবে ইংরেজি পরীক্ষায় ছাড় পেলেও সাধারণত সিভিকস পরীক্ষায় অংশ নিতে হয়। যোগ্য আবেদনকারীরা নিজেদের ভাষায় এ পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন।
এ ছাড়া অন্তত ৬৫ বছর বয়সী এবং ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তাঁদের ১২৮টি প্রশ্নের পরিবর্তে নির্ধারিত ২০টি প্রশ্ন প্রস্তুত করতে হয়। সাক্ষাৎকারে ১০টি প্রশ্নের মধ্যে অন্তত ছয়টির সঠিক উত্তর দিতে পারলেই তাঁরা উত্তীর্ণ হন।
নির্দিষ্ট শারীরিক, মানসিক বা বিকাশগত প্রতিবন্ধকতার কারণে পরীক্ষার শর্ত পূরণে অক্ষম ব্যক্তিরা চিকিৎসাগত ছাড়ের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে ইউএসসিআইএসের এন-৬৪৮ ফরমের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত প্রমাণ জমা দিতে হয়।
প্রথমবার ব্যর্থ হলে আবার পরীক্ষার সুযোগ
কোনো আবেদনকারী প্রথমবার ইংরেজি বা সিভিকস পরীক্ষার কোনো অংশে উত্তীর্ণ হতে না পারলে সাধারণত দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পান। প্রথম পরীক্ষার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তবে তাঁকে শুধু যে অংশে উত্তীর্ণ হতে পারেননি, সেটিই আবার দিতে হয়।
নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়া যায় না। আবেদনকারীর অন্যান্য যোগ্যতা, যুক্তরাষ্ট্রে বসবাসের ইতিহাস, প্রয়োজনীয় নথি এবং আইনগত শর্ত যাচাইয়ের পর ইউএসসিআইএস আবেদন অনুমোদন করে। এরপর নাগরিকত্বের শপথ গ্রহণের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের জন্য নতুন পরীক্ষাপদ্ধতি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা এন-৪০০ ফরম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের আবেদন জমার তারিখ অনুযায়ী প্রযোজ্য পরীক্ষার নিয়ম ও প্রশ্নপত্র দিয়ে প্রস্তুতি নেওয়া উচিত।
তথ্যসূত্র: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস), মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ