Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
৮:০৫ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫৫

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং এলাকায় একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৫৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ‘অপ কুটিপ’ নামের এই অভিযানে ৩৩৪ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২৭৪ […]

মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫৫
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং এলাকায় একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৫৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ‘অপ কুটিপ’ নামের এই অভিযানে ৩৩৪ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২৭৪ জন স্থানীয় এবং ৬০ জন বিদেশি ছিলেন। তল্লাশির পর ৫৫ জন অভিবাসীকে বিভিন্ন অপরাধের দায়ে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। তারা বেশিরভাগই ওয়েটার ও রান্নার কাজ করছিলেন। বসরি জানান, অভিযানের সময় অনেকে পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মীরা ফুড কোর্ট ঘিরে ফেলায় তারা ব্যর্থ হন।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে অনেকেই তাদের কাজের পারমিটের শর্ত ভঙ্গ করেছেন। কেউ মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে কাজ করছিলেন, আবার কেউ খণ্ডকালীন পারমিট থাকার পরও পূর্ণকালীন কাজ করছিলেন। এমনকি একজন অভিবাসী দুই বছরেরও বেশি সময় ধরে এই ফুড কোর্টে অবৈধভাবে কাজ করছিলেন।

ইমিগ্রেশন আইনের ৩৯বি ধারা অনুযায়ী, কাজের অনুমোদন থাকলেও অন্য কোথাও কাজ করাকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। বসরি ওথমান বলেন, ‘খণ্ডকালীন বা জারি করা পারমিটের বাইরে কাজ করার কোনও বৈধ কারণ নেই।’

আটককৃতরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক। তাদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটকদের আরও তদন্তের জন্য ইমিগ্রেশন দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ