মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা একটি আদা রঙের বিড়াল এবার পেল মজার এক ‘চাকরি’। যাত্রীদের রসিক দাবিতে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ তাকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই বিড়ালটি দীর্ঘদিন ধরেই সেখানকার যাত্রীদের পরিচিত মুখ। […]
ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা একটি আদা রঙের বিড়াল এবার পেল মজার এক ‘চাকরি’। যাত্রীদের রসিক দাবিতে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ তাকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই বিড়ালটি দীর্ঘদিন ধরেই সেখানকার যাত্রীদের পরিচিত মুখ। সম্প্রতি এক যাত্রী বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করেন। মজার ছলে তিনি বিড়ালটির জন্য একটি সরকারি পদ দেওয়ার অনুরোধ জানান।
সন্দেশ সামন্ত নামের ওই যাত্রী লেখেন, গুণ্ডাওয়ালি স্টেশনের এই প্রাণীটিকে একটি সরকারি পদ দেওয়া হোক। আপাতত সে বিনা বেতনেই কাজ করছে বলেও রসিকতা করেন তিনি।
যাত্রীর সেই পোস্ট নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের। তারাও বিষয়টি হাস্যরসের সঙ্গে গ্রহণ করে বিড়ালটিকে ‘চিফ ফেলাইন অফিসার’ হিসেবে ঘোষণা দেয়।
মেট্রো কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিড়ালটির দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন ঘুরে দেখা, যাত্রীদের ওপর নজর রাখা এবং এমন জায়গায় অবস্থান করা, যেখান থেকে সবাই তাকে দেখতে পারেন। কর্তৃপক্ষ রসিকতা করে জানিয়েছে, এখন পর্যন্ত তার কর্মদক্ষতা ‘একেবারেই নিখুঁত’।
মেট্রোর এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে তিনি এই বিড়ালটিকেই খোঁজেন। আরেকজন মজা করে বিড়ালটিকে ‘প্রধান ইঁদুর শিকারি’ পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন।
যাত্রীদের রসিক দাবি এবং মেট্রো কর্তৃপক্ষের মজার প্রতিক্রিয়ায় গুণ্ডাওয়ালি স্টেশনের এই বিড়ালটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি