সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০১ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

মোদি-বালেন শাহ বৈঠকে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা, সই হলো ৮ চুক্তি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৫ হাজার কোটি ভারতীয় রুপির আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির […]

মোদি-বালেন শাহ বৈঠকে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা, সই হলো ৮ চুক্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৫ হাজার কোটি ভারতীয় রুপির আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত সহায়তার পরিমাণ ২৪ হাজার কোটি নেপালি রুপি। এর মধ্যে নেপালের পুনর্গঠন ও নতুন অবকাঠামো প্রকল্পের জন্য ৩ হাজার ৫০০ কোটি ভারতীয় রুপি অনুদান এবং জ্বালানি খাতের প্রকল্পে ১১ হাজার ৫০০ কোটি রুপি ঋণসুবিধা দেওয়া হবে। নির্দিষ্ট প্রকল্প ও অর্থ ছাড়ের পদ্ধতি দুই দেশের আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয় এবং ৫ হাজার ২০০ জনের বেশি নিখোঁজ হন। এতে সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র, বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। দুর্যোগের পর দেশটির পুনর্গঠন কার্যক্রমে সহায়তার অংশ হিসেবেই ভারতের এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বৈঠকে নেপালের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উন্নয়ন পরিকল্পনা ও দূরদর্শিতার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, চলতি বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনরায় দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন।

মোদি বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে আসায় নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। জাতিসংঘে শাহর দেওয়া বক্তব্য এবং সাম্প্রতিক আলোচনায় নেপালের ভবিষ্যৎ ও ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের পরিচয় পাওয়া গেছে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়; দীর্ঘদিনের আস্থা ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ দুই দেশ। তাদের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জের মধ্যে মিল রয়েছে এবং কঠিন সময়ে তারা একে অপরের পাশে দাঁড়ায়। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

মোদি জানান, ‘প্রতিবেশী প্রথম’ নীতির ধারাবাহিকতায় জ্বালানি সরবরাহে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও চলতি বছর নেপালে জ্বালানি, সার, পেট্রোলিয়াম পণ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। দীর্ঘদিন ধরেই নেপালের জন্য এসব পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে নয়াদিল্লি।

অন্যদিকে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময়ে ভারতের সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শাহ বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো সুদৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত। নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে ভারত প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে সব সময় পাশে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলোর আওতায় মহাকাশ ও স্যাটেলাইট যোগাযোগ, নিরাপত্তা ও ফরেনসিক প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা, আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি, পশুপালন ও মৎস্য খাতে সহযোগিতার বিষয় রয়েছে।

এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে কয়েকটি যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন এবং নতুন উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে নতুন আন্তসীমান্ত রেলসেবা চালুর উদ্যোগও রয়েছে।

ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত রয়েছে। ফলে দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবে নেপালের ওপর ভারতের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে ভূখণ্ডগত বিরোধ এবং নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

অন্যদিকে, গত কয়েক বছরে নেপালে নিজেদের প্রভাব ও উপস্থিতি বাড়িয়েছে চীন। দেশটিতে বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করেছে বেইজিং। তবে স্থলবেষ্টিত নেপাল জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য এখনো ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে দুই দেশের জ্বালানি সহযোগিতা ক্রমেই দ্বিমুখী হচ্ছে। বর্তমানে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ভারত।

তথ্যসূত্র: এনডিটিভি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ