মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজনের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর জোশ শাপিরো। খবর অনুযায়ী, মঙ্গলবার ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির সিলভার লেক এলাকায় অবস্থিত ওই নার্সিং হোমে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হতে […]
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজনের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর জোশ শাপিরো।
খবর অনুযায়ী, মঙ্গলবার ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির সিলভার লেক এলাকায় অবস্থিত ওই নার্সিং হোমে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।
বিস্ফোরণের তীব্রতায় ভবনটির বড় একটি অংশ ভেঙে পড়ে এবং আগুনে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপের নিচে একাধিক বাসিন্দা আটকা পড়েন। এক সংবাদ সম্মেলনে গভর্নর শাপিরো জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকাজে দ্রুত ও সাহসী ভূমিকার জন্য দমকল বাহিনী ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। গভর্নরের ভাষ্য অনুযায়ী, দমকলকর্মীরা আহত ও উদ্ধারকৃতদের বের করে পুলিশের হাতে তুলে দেন, এরপর পুলিশ সদস্যরা তাদের কাঁধে করে নিরাপদ স্থানে নিয়ে যান।
ব্রিস্টল টাউনশিপের দমকল প্রধান কেভিন ডিপোলিটো বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই দমকলকর্মীরা তীব্র গ্যাসের গন্ধ পান। বিস্ফোরণে ভবনটির ব্যাপক ক্ষতি হয়—প্রথম তলার একটি অংশ নিচের বেসমেন্টে ধসে পড়ে, ফলে বহু মানুষ আটকা পড়েন।
তিনি আরও জানান, জানালা, দরজা, সিঁড়ির ফাঁক ও লিফট ব্যবহার করে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ পাঁচজনের সন্ধানে পুরো ভবন তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
গভর্নর শাপিরো জানান, নার্সিং হোমটির মালিকানা সম্প্রতি পরিবর্তন হয়েছে এবং চলতি মাসেই নতুন কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে। এর আগে, গত ১০ ডিসেম্বর পেনসিলভানিয়ার স্বাস্থ্য পরিদর্শকরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে কর্মীদের সঙ্গে সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।