যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীকে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের সুবিধা হারানোর বিষয়ে সতর্ক করে চিঠি পাঠিয়েছে সামাজিক নিরাপত্তা প্রশাসন। ২০২৫ সালে পাস হওয়া নতুন আইনের আওতায় ২০২৭ সাল থেকে তাদের একটি বড় অংশ আর এই কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য থাকবেন না। এর মধ্যে রয়েছেন বয়স্ক, প্রতিবন্ধী এবং গুরুতর দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা। দ্য […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীকে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের সুবিধা হারানোর বিষয়ে সতর্ক করে চিঠি পাঠিয়েছে সামাজিক নিরাপত্তা প্রশাসন। ২০২৫ সালে পাস হওয়া নতুন আইনের আওতায় ২০২৭ সাল থেকে তাদের একটি বড় অংশ আর এই কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য থাকবেন না। এর মধ্যে রয়েছেন বয়স্ক, প্রতিবন্ধী এবং গুরুতর দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যাঁদের কাছে চিঠি পাঠানো হয়েছে, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কেউ কেউ এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে কাজ করেছেন এবং মেডিকেয়ারের জন্য কর দিয়েছেন। তাঁদের মধ্যে শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিরাও রয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, আইনে পরিবর্তন আসায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আর মেডিকেয়ারের জন্য যোগ্য নাও থাকতে পারেন। তবে সবাই যে নিশ্চিতভাবে সুবিধা হারাবেন, বিষয়টি এমন নয়। যাঁদের অভিবাসন মর্যাদা নতুন আইনের আওতায় যোগ্যতার মধ্যে পড়ে, তাঁদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজেদের অবস্থান প্রমাণ করতে হবে।
আইনের আওতায় বদলে যাচ্ছে যোগ্যতার নিয়ম
২০২৫ সালের ৪ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে কার্যকর হয় এইচআর-১ বা ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’। আইনটির মাধ্যমে মেডিকেয়ারে অভিবাসীদের যোগ্যতার শর্ত আরও সীমিত করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, মূলত চার শ্রেণির মানুষ মেডিকেয়ারের আওতায় থাকার যোগ্য হবেন। তাঁরা হলেন—
১. যুক্তরাষ্ট্রের নাগরিক ও জাতীয় মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি।
২. বৈধভাবে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত বা গ্রিন কার্ডধারী।
৩. কিউবা ও হাইতি থেকে আসা নির্দিষ্ট শ্রেণির অভিবাসী।
৪. মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ ও পালাউয়ের মতো নির্দিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির আওতায় বসবাসকারী ব্যক্তি।
এর বাইরে থাকা শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি এবং অস্থায়ী সুরক্ষার মর্যাদাধারীসহ কয়েকটি শ্রেণির বৈধ অভিবাসী নতুন নিয়মে মেডিকেয়ারের যোগ্যতা হারাচ্ছেন। আগে বয়স, প্রতিবন্ধিতা কিংবা কাজের অভিজ্ঞতার শর্ত পূরণ করে তাঁরা এই সুবিধা পেতে পারতেন। নতুন আইনে দীর্ঘদিন কাজ করা বা কর দেওয়ার ইতিহাস থাকলেও নির্দিষ্ট অভিবাসন মর্যাদা না থাকলে সুবিধা পাওয়ার সুযোগ থাকছে না।
যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও মেডিকেইড সেবা কেন্দ্রের (সিএমএস) প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা প্রশাসন ২০২৬ সালের নভেম্বরে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠাচ্ছে। যাঁরা চিঠি পাবেন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে তাঁদের মেডিকেয়ার সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।
বছরের পর বছর কর দিয়েও হারাতে পারেন সুবিধা
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সুবিধা হারানোর ঝুঁকিতে থাকা অভিবাসীরা সম্মিলিতভাবে মেডিকেয়ার কর্মসূচিতে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন বলে কেন্দ্রীয় সরকারের তথ্যের ভিত্তিতে করা হিসাবে উঠে এসেছে।
তাঁদের অনেকেই যুক্তরাষ্ট্রের সরকারি যাচাই-বাছাই শেষে শরণার্থী বা আশ্রয়প্রাপ্ত ব্যক্তির মর্যাদা পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন দেশটিতে বসবাস ও কাজ করেছেন। তাঁদের কারও কারও গ্রিন কার্ডের আবেদন অনুমোদিত হলেও প্রশাসনিক জটিলতা ও প্রক্রিয়াগত বিলম্বের কারণে এখনো হাতে স্থায়ী বসবাসের কার্ড পৌঁছায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাস্টিস ইন এজিংয়ের ক্যালিফোর্নিয়া পরিচালক টিফানি হুয়েন-চো এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর মতে, মেডিকেয়ারে কর দেওয়া ব্যক্তিদের অবসরকালীন জীবন কিংবা প্রতিবন্ধী অবস্থায় চিকিৎসাসেবার ওপর নির্ভর করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, নতুন আইন তা ক্ষতিগ্রস্ত করছে।
অন্যদিকে, সামাজিক নিরাপত্তা প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, কংগ্রেস যে আইন পাস করেছে, তা বাস্তবায়ন করা সংস্থাটির দায়িত্ব। যাঁরা সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছেন, তাঁদের চিঠির মাধ্যমে পরিবর্তন এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হচ্ছে।
কিডনি রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ
নতুন নিয়মের প্রভাব নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে গুরুতর অসুস্থ ও নিয়মিত চিকিৎসার ওপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রে। তাঁদের মধ্যে রয়েছেন শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত অভিবাসীরা।
এ ধরনের রোগীদের অনেকেই দীর্ঘদিন ধরে মেডিকেয়ারের আওতায় ডায়ালাইসিস চিকিৎসা পেয়ে আসছেন। নতুন নিয়মে তাঁদের সুবিধা বন্ধ হয়ে গেলে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আশঙ্কা, চিকিৎসা বন্ধ বা বিলম্বিত হলে কারও কারও জীবনও ঝুঁকিতে পড়তে পারে।
সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের অভিবাসন নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শেলবি গনজালেস বলেছেন, যাঁদের শারীরিক অবস্থা দুর্বল এবং দীর্ঘমেয়াদি রোগের কারণে নিয়মিত চিকিৎসা প্রয়োজন, তাঁদের জন্য এই পরিবর্তনের গুরুতর পরিণতি হতে পারে।
অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্যব্যবস্থায় বাড়তে পারে চাপ
মেডিকেয়ারের সুবিধা হারালে অনেক অভিবাসী বিকল্প স্বাস্থ্যবিমা বা চিকিৎসার ব্যবস্থা খুঁজতে বাধ্য হবেন। কিন্তু বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিকল্প ব্যবস্থা পাওয়া সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চিকিৎসার খরচ বহন করতে না পেরে কেউ কেউ নিয়মিত চিকিৎসা নেওয়া বন্ধ বা বিলম্বিত করতে পারেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হতে পারে। এতে হাসপাতাল ও অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
অঙ্গরাজ্য সরকারগুলো কেন্দ্রীয় কর্মসূচির বিকল্প হিসেবে নিজস্ব স্বাস্থ্যসেবা চালুর মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করতে পারে। তবে কেন্দ্রীয় অর্থায়ন কমে যাওয়ার পাশাপাশি অনেক অঙ্গরাজ্যের বাজেট সংকট থাকায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন কঠিন হতে পারে।
শেলবি গনজালেসের মতে, কেন্দ্রীয় সরকারের সুবিধা বন্ধ হওয়ার পর রাজ্যগুলোর পক্ষে একই ধরনের কর্মসূচি চালু করে সব ঘাটতি পূরণ করা সহজ হবে না।
মেডিকেইড ও স্বাস্থ্যবিমার ভর্তুকিতেও বিধিনিষেধ
মেডিকেয়ার থেকে অভিবাসীদের বাদ দেওয়ার উদ্যোগটি সরকারি স্বাস্থ্যসেবা সীমিত করার বৃহত্তর নীতির অংশ। নতুন আইনে মেডিকেইড এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (এসিএ) আওতায় স্বাস্থ্যবিমা কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি পাওয়ার যোগ্যতাও কিছু অভিবাসী শ্রেণির জন্য সীমিত করা হয়েছে।
তবে মেডিকেয়ার, মেডিকেইড ও এসিএর স্বাস্থ্যবিমা ভর্তুকি পৃথক কর্মসূচি। এগুলোর যোগ্যতা ও পরিবর্তন কার্যকরের সময়ও এক নয়। অনিবন্ধিত অভিবাসীরা আগে থেকেই এসব কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা সুবিধার সাধারণ যোগ্যতার বাইরে ছিলেন।
আইনটির সমর্থকদের দাবি, সরকারি কর্মসূচির সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং মার্কিন নাগরিকদের জন্য সুবিধা সংরক্ষণ করতেই এই পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টা ও রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান প্যারাগন হেলথ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ব্রায়ান ব্লেজও মনে করেন, যাঁদের জন্য সরকারি কর্মসূচিগুলো তৈরি করা হয়েছে, তাঁদেরই এসব সুবিধা পাওয়া উচিত।
ভুলভাবে সুবিধা বাতিল হলে আপিলের সুযোগ
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আরেকটি উদ্বেগ হলো, সরকারি নথিতে কারও নাগরিকত্ব বা অভিবাসন মর্যাদার সর্বশেষ তথ্য না থাকলে ভুলবশত তাঁর মেডিকেয়ার সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যে নাগরিকত্ব পাওয়া ব্যক্তি কিংবা গ্রিন কার্ডধারীরাও এ ধরনের প্রশাসনিক ভুলের শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক নিরাপত্তা প্রশাসনের পাঠানো চিঠিতে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগের কথা উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সংস্থার হটলাইনে যোগাযোগ করতে পারবেন অথবা অভিবাসন মর্যাদার পরিবর্তন প্রমাণ করে এমন নথি অনলাইনে জমা দিতে পারবেন।
তবে আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা নিয়ে উদ্বেগ রয়েছে। অনেকেই চিঠির গুরুত্ব বুঝতে না পারলে বা সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে আপিলের সুযোগ হারাতে পারেন। ফলে নতুন আইনে প্রকৃতপক্ষে যোগ্য থাকা সত্ত্বেও কেউ কেউ চিকিৎসাসেবা থেকে সাময়িকভাবে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন।
তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও মেডিকেইড সেবা কেন্দ্র (সিএমএস), কেএফএফ।