যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান এবং বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে ৩০ ভারতীয় নাগরিকসহ মোট ৫২ জনকে আটক করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ১১ থেকে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান এবং বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে ৩০ ভারতীয় নাগরিকসহ মোট ৫২ জনকে আটক করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ নামে বিশেষ অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। অভিযানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ৫২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৬ জন বাণিজ্যিক ট্রাক চালাচ্ছিলেন।
আটক হওয়া ট্রাকচালকদের মধ্যে ৩০ জন ভারতীয় নাগরিক। বাকি ছয়জন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের অনেকের কাছেই ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তবে কয়েকজনের কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশের কাছেই কর্মসংস্থান অনুমোদনের নথি ছিল, যেগুলো সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় ইস্যু করা হয়েছিল। কিন্তু এসব নথির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফেডারেল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
সিবিপির ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন চেকমেট’-এর মূল লক্ষ্য হলো অভিবাসন আইন কার্যকর করা এবং অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করা, বিশেষ করে যারা বাণিজ্যিক যানবাহন পরিচালনার সঙ্গে যুক্ত। জননিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেন, “অপারেশন চেকমেট আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন, যার মাধ্যমে আমরা অবৈধভাবে অবস্থানকারী এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চালকদের হাত থেকে সড়ক ও জনপদকে নিরাপদ রাখতে চাই।”
তিনি আরও বলেন, ফেডারেল এজেন্টরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন, যাতে সড়কে সম্ভাব্য প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে। সেখানে অযোগ্য বিদেশি চালকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স প্রদান বন্ধের কথা বলা হয়েছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যান চালানোর সময় কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত চালক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় অভিযুক্ত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস