যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিয়ে সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি। ওই কর্মকর্তা বলেন, সংকট সমাধানে কূটনৈতিক পথে ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিয়ে সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।
ওই কর্মকর্তা বলেন, সংকট সমাধানে কূটনৈতিক পথে ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়। এরপর দুই দেশের সম্মতির ভিত্তিতে আলোচনার সময়সূচি ও প্রক্রিয়া নির্ধারণ করা যেতে পারে।
ইরানের জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি পুনরায় শুরুর বিষয়ে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে ইরানের প্রতিনিধিদল নিউইয়র্কে অবস্থান করছে।
এর আগে রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানিয়েছিল, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে—এমন তথ্য তারা পেয়েছে। ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ নিলে তেহরান সীমাহীনভাবে পাল্টা জবাব দেবে বলে সতর্ক করা হয়েছিল।
ইরানের ওই কর্মকর্তা আরও জানান, সংঘাত বন্ধে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু করা যেতে পারে। এ বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, ওয়াশিংটন বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিলে তেহরান কূটনৈতিক আলোচনায় ফিরতে আগ্রহী।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে যাচ্ছেন। তবে তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এর পরিস্থিতি নিয়ে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির খবরে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স