পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাসভবনে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২২ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত একটি বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পৌর ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কুয়াকাটা […]
পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাসভবনে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (২২ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত একটি বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পৌর ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম। তিনি জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষ রোকন বৈঠক আহ্বান করা হয়। সেখানে উত্থাপিত অভিযোগ ও সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বৈঠকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ অন্যান্য দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। আলোচনার পর মো. আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
জামায়াত নেতারা বলেন, সংগঠনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক আচরণের বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে বলেও জানান তারা।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, একটি নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিশেষ রোকন বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই কুয়াকাটা পৌর ৫ নম্বর ওয়ার্ড সভাপতিকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন মো. আব্দুল হালিম। তিনি বলেন, তার বাড়িতে মোট ছয়টি পরিবার ভাড়া থাকে। এর মধ্যে একটি বাসায় মা-মেয়ে পরিচয়ে কয়েকজন নারী ভাড়া নিলেও তারা কী পেশায় জড়িত, সে বিষয়ে তিনি অবগত নন। তার দাবি, কোনো ধরনের আলোচনা বা বক্তব্য শোনার সুযোগ না দিয়েই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং এ বিষয়ে তিনি শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরবেন।