রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সফর উপলক্ষে ভারতের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে কংগ্রেসের দুই শীর্ষ নেতা—রাহুল গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ডাকা হয়নি। তবে ব্যতিক্রম হিসেবে আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেসেরই আরেক নেতা ও সাংসদ শশী থারুর। থারুর জানিয়েছেন, কোন মানদণ্ডে অতিথির তালিকা তৈরি হয়েছে বা কেন বিরোধীদলীয় নেতাকে তাতে রাখা হয়নি তা তিনি জানেন না। শুধু এটুকুই বলেছেন, […]
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সফর উপলক্ষে ভারতের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে কংগ্রেসের দুই শীর্ষ নেতা—রাহুল গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ডাকা হয়নি। তবে ব্যতিক্রম হিসেবে আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেসেরই আরেক নেতা ও সাংসদ শশী থারুর।
থারুর জানিয়েছেন, কোন মানদণ্ডে অতিথির তালিকা তৈরি হয়েছে বা কেন বিরোধীদলীয় নেতাকে তাতে রাখা হয়নি তা তিনি জানেন না। শুধু এটুকুই বলেছেন, আমন্ত্রণ পাওয়া তাঁর কাছে সম্মানের।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, গত ছয় মাস ধরে থারুরের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। এমনকি তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
অন্যদিকে খাড়গে অভিযোগ তুলেছেন, আগের বিজেপি সরকার, বিশেষ করে অটল বিহারী বাজপেয়ীর সময়কার প্রথা ছিল বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিরোধী নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া। এখন সরকার নাকি বিদেশি অতিথিদের সে ধরনের বৈঠক থেকে দূরে থাকতে ইঙ্গিত দেয়।
দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে লোকসভায় চারবার নির্বাচিত এই কংগ্রেস সাংসদের বক্তব্যে মোদি সরকারের প্রতি সহনশীলতা ও কখনও কখনও প্রশংসার সুর শোনা যাচ্ছে, যা দলের ভেতরে অস্বস্তির কারণ হয়েছে। এমনকি মাসের শুরুতে তিনি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে একটি প্রবন্ধও লিখেছিলেন, যেখানে আড়ালে কংগ্রেসের দিকেই ইঙ্গিত ছিল।
যদিও জুন মাসে তিনি পরিষ্কার করে বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করা মানেই যে তিনি দল পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, এমনটা ভাবা ঠিক নয়।