র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের আইনি পথ তৈরি হয়েছে। এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক […]
ছবি: সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের আইনি পথ তৈরি হয়েছে। এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রস্তাবিত আইনের আওতায় বর্তমান র্যাব আইন বাতিল করে পুলিশ বাহিনীর অধীনে এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। অর্থাৎ নাম ও আইনি কাঠামোয় পরিবর্তন এনে বিশেষায়িত এই বাহিনীকে পুলিশের কাঠামোর মধ্যেই পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।
নতুন আইনের খসড়ায় জবাবদিহিতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এর ফলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগ জানানোর পাশাপাশি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্যও একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে।
খসড়ায় র্যাবের সঙ্গে সংশ্লিষ্ট জনবল ও প্রশাসনিক কাঠামো নতুন বাহিনীতে স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে।
র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে হস্তান্তর করা হবে।
নতুন বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালাও প্রয়োজনীয় পরিবর্তন ও সমন্বয় করে কার্যকর রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রিসভার অনুমোদনের পর এখন খসড়া আইনটি পরবর্তী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। আইনটি চূড়ান্তভাবে কার্যকর হলে র্যাবের বর্তমান আইনি কাঠামোর পরিবর্তে এসআরবির নতুন কাঠামো কার্যকর হবে।