প্রয়োজনীয় উচ্চতর পাইলট লাইসেন্স ছাড়াই প্রায় ১৭ বছর ধরে শত শত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডার এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জিওফ্রে ওয়াল দীর্ঘ সময় ধরে জাল নথি ব্যবহার করে বড় যাত্রীবাহী বিমান চালিয়ে আসছিলেন বলে তদন্তে উঠে এসেছে। ওন্টারিওর পিল আঞ্চলিক পুলিশের তথ্য অনুযায়ী, ৫৯ বছর বয়সী জিওফ্রে ওয়াল ২০০৯ থেকে ২০২৫ […]
ছবি: সংগৃহীত
প্রয়োজনীয় উচ্চতর পাইলট লাইসেন্স ছাড়াই প্রায় ১৭ বছর ধরে শত শত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডার এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জিওফ্রে ওয়াল দীর্ঘ সময় ধরে জাল নথি ব্যবহার করে বড় যাত্রীবাহী বিমান চালিয়ে আসছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
ওন্টারিওর পিল আঞ্চলিক পুলিশের তথ্য অনুযায়ী, ৫৯ বছর বয়সী জিওফ্রে ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এয়ার কানাডার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে তিনি দেশীয় ও আন্তর্জাতিক রুটে ৯০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করেছেন।
তদন্তে জানা গেছে, ওয়ালের কাছে সাধারণ বাণিজ্যিক পাইলট লাইসেন্স থাকলেও বড় যাত্রীবাহী বিমান পরিচালনার জন্য প্রয়োজনীয় ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ ছিল না। অভিযোগ রয়েছে, তিনি ভুয়া নথি ব্যবহার করে নিজের যোগ্যতা সম্পর্কে বিমান সংস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করেছেন।
ঘটনার পর তার বিরুদ্ধে জালিয়াতি, ভুয়া নথি ব্যবহার, জাল নথি সংরক্ষণ এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
পিল আঞ্চলিক পুলিশের প্রধান নিশান দুরাইআপ্পা বলেন, এই ধরনের প্রতারণা শুধু বিমান চলাচল খাতের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং সাধারণ মানুষের আস্থার ওপরও আঘাত হেনেছে।
তবে এয়ার কানাডা জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হলেও যাত্রীদের নিরাপত্তা কোনো সময়ই হুমকির মুখে পড়েনি। সংস্থার দাবি, তাদের সব পাইলটকে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয় এবং ওয়ালও এসব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন।
বিমান সংস্থাটি আরও জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরপরই তাকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিষয়টি ট্রান্সপোর্ট কানাডাকে জানানো হয়। পরে পাইলটদের লাইসেন্স পুনঃযাচাই করা হলেও অন্য কোনো অনিয়ম পাওয়া যায়নি।
বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি দক্ষতার চেয়ে বেশি নজরদারি ও যাচাই ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে। দীর্ঘ ১৭ বছর ধরে কীভাবে একজন পাইলট প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া দায়িত্ব পালন করেছেন, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে কানাডার বিমান চলাচল ব্যবস্থায়।
সূত্র: আল জাজিরা