সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৬ অপরাহ্ন, ৬ জুন ২০২৬

লেবাননের প্রেসিডেন্টের অভিযোগের কড়া জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লেবাননকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করার অভিযোগের তীব্র জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, লেবাননের বর্তমান সংকটের জন্য ইরান নয়, বরং অন্য শক্তিগুলোর ভূমিকাই বেশি দায়ী। শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, প্রেসিডেন্ট আউনের বক্তব্য শুনলে মনে হয় […]

লেবাননের প্রেসিডেন্টের অভিযোগের কড়া জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

লেবাননকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করার অভিযোগের তীব্র জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, লেবাননের বর্তমান সংকটের জন্য ইরান নয়, বরং অন্য শক্তিগুলোর ভূমিকাই বেশি দায়ী।

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, প্রেসিডেন্ট আউনের বক্তব্য শুনলে মনে হয় যেন ইরানই লেবাননের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে, দেশটির এক-চতুর্থাংশ জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন তাদের ওপর বোমা হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন, “যদি লেবানন সত্যিই ইরানের দর-কষাকষির হাতিয়ার হতো, তাহলে বহু আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হয়ে যেত।” লেবাননের প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, “মি. প্রেসিডেন্ট, লেবাননকে প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে ইসরাইল ও লেবানন শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ৩ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে দুই পক্ষ দক্ষিণ লেবাননের পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েকটি পদক্ষেপে একমত হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে। একইসঙ্গে কয়েকটি নির্দিষ্ট এলাকায় শুধু লেবানিজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

তবে হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, তারা এই ধরনের সমঝোতাকে স্বীকৃতি দেয় না এবং এর কোনো শর্ত মানতে বাধ্য নয়। একই অবস্থান নিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), যারা প্রকাশ্যে হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার (৫ জুন) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। তিনি বলেন, “ইরান লেবাননকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

আউন আরও বলেন, “এটি আপনাদের দেশ নয়, এটি আমাদের দেশ। এটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার অন্য কারও নেই।”

হিজবুল্লাহকেও সতর্ক করে তিনি বলেন, বর্তমান সংকটের সমাধান কেবল আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। সংঘাত ও সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি প্রশ্নে লেবানন সরকার, হিজবুল্লাহ এবং ইরানের অবস্থানের মধ্যে যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে, তা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনাকেও নতুন মাত্রা দিতে পারে।

সূত্র: আল জাজিরা, সিএনএন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ