দক্ষিণ কোরিয়ায় শরবতের ওপর কালো পিঁপড়া সাজিয়ে পরিবেশনের অভিযোগে একটি দুই-তারকাবিশিষ্ট মিশেলিন রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড চেয়েছে দেশটির রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে ২ কোটি ওন জরিমানার আবেদনও করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০ জুলাই অনুষ্ঠিত আদালতের শুনানিতে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এই সাজা দাবি করা হয়। আদালতের […]
দক্ষিণ কোরিয়ায় শরবতের ওপর কালো পিঁপড়া সাজিয়ে পরিবেশনের অভিযোগে একটি দুই-তারকাবিশিষ্ট মিশেলিন রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড চেয়েছে দেশটির রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে ২ কোটি ওন জরিমানার আবেদনও করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০ জুলাই অনুষ্ঠিত আদালতের শুনানিতে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এই সাজা দাবি করা হয়। আদালতের নথিতে অভিযুক্তের পরিচয় এবং রেস্তোরাঁটির নাম প্রকাশ করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার প্রচলিত আইনে মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য মাত্র ১০ ধরনের পোকামাকড় অনুমোদিত। এর মধ্যে ঘাসফড়িং এবং বাদামি মেলওয়ার্মের লার্ভাও রয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট রেস্তোরাঁটি থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অনুমোদনহীন কালো পিঁপড়া খাবারে ব্যবহার করেছে।
তদন্তে উঠে এসেছে, শরবতের ওপর তিন থেকে পাঁচটি করে কালো পিঁপড়া ছড়িয়ে পরিবেশন করা হতো। রেস্তোরাঁর শেফের দাবি ছিল, এতে পানীয়তে একটি বিশেষ টক স্বাদ যোগ হতো।
দক্ষিণ কোরিয়ার খাদ্য মন্ত্রণালয় জানায়, গত বছর এ বিষয়ে তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায়, ২০২১ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় চার বছর ধরে এভাবে খাবার পরিবেশন করে রেস্তোরাঁটি প্রায় ১২ কোটি ওন (প্রায় ৮১ হাজার মার্কিন ডলার) আয় করেছে।
মন্ত্রণালয়ের প্রকাশ করা একটি ছবিতে ‘কুইজিন ব্ল্যাক অ্যান্টস’ লেখা একটি গোলাকার টিনের কৌটাও দেখা গেছে, যেখানে ব্যবহৃত পিঁপড়াগুলো সংরক্ষণ করা হয়েছিল।
স্থানীয় সংবাদ সংস্থা নিউজিস জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি সিউল পশ্চিম জেলা আদালতে ২ কোটি ওন জরিমানার আবেদন করেছে প্রসিকিউশন।
অভিযুক্তের আইনজীবীরা আদালতে দাবি করেন, পিঁপড়া দেওয়া খাবার শুধুমাত্র সেইসব গ্রাহকদের পরিবেশন করা হয়েছিল, যারা আগে থেকেই এতে সম্মতি দিয়েছিলেন।
অভিযুক্ত রেস্তোরাঁ মালিক আদালতে বলেন, “নিয়ম পুরোপুরি না বোঝার কারণেই এই ঘটনা ঘটেছে। এ জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
মামলাটির রায় আগামী সেপ্টেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে।