সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:১৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

‘শান্তি’র বার্তা’ নিয়ে  মঞ্চে উঠতেই মিস ইউনিভার্সে দুয়োধ্বনি শুনলেন ইসরায়েলের প্রতিযোগী

মিস ইউনিভার্সের জাতীয় পোশাক প্রদর্শনীতে জেরুজালেমের পুরোনো শহরের ছবি ও তিন ভাষায় ‘শান্তি’ লেখা কেপ পরে মঞ্চে উঠেছিলেন ইসরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোঙ্কা। কিন্তু তাঁর এই উপস্থাপনা দর্শকদের একাংশের কাছ থেকে প্রশংসার বদলে দুয়োধ্বনি পেয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রেক্ষাপটে পোশাকটির বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। […]

‘শান্তি’র বার্তা’ নিয়ে  মঞ্চে উঠতেই মিস ইউনিভার্সে দুয়োধ্বনি শুনলেন ইসরায়েলের প্রতিযোগী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

মিস ইউনিভার্সের জাতীয় পোশাক প্রদর্শনীতে জেরুজালেমের পুরোনো শহরের ছবি ও তিন ভাষায় ‘শান্তি’ লেখা কেপ পরে মঞ্চে উঠেছিলেন ইসরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোঙ্কা। কিন্তু তাঁর এই উপস্থাপনা দর্শকদের একাংশের কাছ থেকে প্রশংসার বদলে দুয়োধ্বনি পেয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রেক্ষাপটে পোশাকটির বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে তীব্র বিতর্ক।

গত সপ্তাহান্তে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম শোতে অংশ নেন ২৫ বছর বয়সী ইয়াবলোঙ্কা। সোনালি অলংকারখচিত পোশাক, বুট ও মুকুট পরে মঞ্চে আসেন তিনি। পোশাকের পেছনে ছিল একটি বড় কেপ। তাতে জলপাইগাছ, জাফা কমলা এবং জেরুজালেমের পুরোনো শহরের দৃশ্য তুলে ধরা হয়। কেপের বিভিন্ন অংশে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় লেখা ছিল ‘শান্তি’ শব্দটি।

বিচারকদের সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় দর্শকদের একটি অংশ তাঁকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে শুরু করেন। মঞ্চের সংগীতের মধ্যেও সেই আওয়াজ শোনা যায়। পরে ইয়াবলোঙ্কা কেপের পেছনের অংশ ঘুরিয়ে দেখালে সেখানে জেরুজালেমের একটি চিত্র ফুটে ওঠে। ছবির কেন্দ্রে ছিল আল-আকসা মসজিদ কমপ্লেক্সের সোনালি ও নীল অবয়ব। চারপাশে ছিল পুরোনো শহরের দৃশ্য এবং ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় জেরুজালেমের নাম।

জেরুজালেমের ছবি ঘিরে রাজনৈতিক বিতর্ক

পোশাকটির সবচেয়ে আলোচিত অংশ ছিল জেরুজালেমের পুরোনো শহরের চিত্র। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের অবস্থান অনুযায়ী, পূর্ব জেরুজালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ। অন্যদিকে, ফিলিস্তিনিরা ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছেন।

এ কারণে সমালোচকদের প্রশ্ন, জেরুজালেমের ছবি ও শান্তির বার্তা তুলে ধরার মাধ্যমে ইসরায়েল কি শহরটির ওপর নিজেদের দাবিকে সাংস্কৃতিক উপস্থাপনার অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোশাকটির বার্তাকে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন।

এক্সে এক ব্যবহারকারী লেখেন, ফিলিস্তিনে দখলদারত্ব ও গণহত্যার অভিযোগের মধ্যে শান্তির বার্তা লেখা পোশাক পরে মঞ্চে ওঠার কারণেই ইয়াবলোঙ্কাকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। অন্যদের বক্তব্য, গাজায় সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার অভিযোগের সময়ে এমন বার্তা তুলে ধরা দ্বিচারিতার শামিল।

জলপাইগাছ ও জাফা কমলা নিয়েও প্রশ্ন

ইয়াবলোঙ্কার পোশাকে থাকা জলপাইগাছ ও জাফা কমলার ছবিও সমালোচনার কেন্দ্রে এসেছে। এই দুটি উপাদান ফিলিস্তিনের কৃষি, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে পরিচিত।

সমালোচকদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনা ঘটছে, অথচ সেই জলপাইগাছকেই শান্তির প্রতীক হিসেবে পোশাকে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের অক্টোবরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৩৬৯টি হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বহু জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

উপস্থাপকের বক্তব্য নিয়েও সমালোচনা

মঞ্চে ইয়াবলোঙ্কার পরিচয় তুলে ধরার সময় উপস্থাপক ইসরায়েলকে এমন একটি ভূখণ্ড হিসেবে বর্ণনা করেন, যেখানে ইতিহাস জীবন্ত, বিভিন্ন সংস্কৃতির মিলন ঘটেছে এবং মরুভূমিও ফুলে-ফলে ভরে উঠেছে। শুষ্ক ভূমিকে কৃষিসমৃদ্ধ জনপদে পরিণত করার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উপস্থাপকের এই বর্ণনাকে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রকাশ বলে সমালোচনা করেছেন। তাঁদের মতে, এ ধরনের বক্তব্যে ফিলিস্তিনের দীর্ঘদিনের কৃষি ও সাংস্কৃতিক ইতিহাস আড়ালে পড়ে যায়।

ইতিহাসবিষয়ক বিভিন্ন গবেষণায় অটোমান শাসনামলসহ বিভিন্ন সময়ে ফিলিস্তিনের কৃষি, বাণিজ্য ও কমলা উৎপাদনের সমৃদ্ধ ইতিহাসের উল্লেখ রয়েছে। বিশেষ করে জাফা কমলা একসময় আন্তর্জাতিক বাজারে সুপরিচিত ছিল।

মিস ফিলিস্তিনের পোশাকের সঙ্গে মিলের প্রসঙ্গ

ইসরায়েলের প্রতিযোগীর পোশাক নিয়ে বিতর্কের মধ্যে গত বছরের মিস ইউনিভার্সে মিস ফিলিস্তিন নাদা আইয়ুবের অংশগ্রহণের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। ২০২৫ সালে প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি।

সেবার আইয়ুবের পোশাকেও জেরুজালেমের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার ছবি ছিল। সেখানে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের ডোম অব দ্য রক এবং চার্চ অব দ্য হলি সেপালকারের চিত্র তুলে ধরা হয়েছিল। পোশাকটি তৈরি করেছিলেন ফিলিস্তিনি শিল্পী নেভেন এলকাদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের মধ্যে এক ভিডিওতে প্রতিক্রিয়া জানান আইয়ুব। তিনি লেখেন, ‘আমি ঘুরেছিলাম, বিশ্ব জেরুজালেমকে দেখেছিল। এক বছর পর মিস ইসরায়েল ঘুরলেন। দৃশ্যটি কি পরিচিত মনে হচ্ছে?’

আন্তর্জাতিক মঞ্চে জেরুজালেমের ছবি তুলে ধরা হলেও সেখানে ফিলিস্তিনিদের নিজস্ব কণ্ঠস্বর কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

এবার মিস ফিলিস্তিনের প্রতিযোগী না থাকার কারণ

এবারের মিস ইউনিভার্সে ফিলিস্তিনের কোনো প্রতিযোগী অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। নাদা আইয়ুবের ভাষ্য, আন্তর্জাতিক পর্যায়ের এমন প্রতিযোগিতায় একজন প্রতিযোগীকে পাঠাতে বিপুল অর্থ ও সাংগঠনিক প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু ফিলিস্তিনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব রয়েছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিস্থিতিও নতুন প্রতিভা তৈরি ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সীমিত করছে বলে মন্তব্য করেন তিনি।

আগামী প্রতিযোগিতায় ফিলিস্তিনের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যবসায়ী, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন আইয়ুব। তাঁর মতে, আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের নিজস্ব পরিচয়, সংস্কৃতি ও বক্তব্য তুলে ধরা গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: দ্য ইত্তেফাক

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ