সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪৬ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: রয়টার্স

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্র তাদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণা ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়টি সামনে এসেছে। প্রতিবেদনে উল্লেখ […]

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: রয়টার্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্র তাদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণা ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় প্রায় ১,৪০০ জনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রকাশ্যে আসার পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর পূর্ববর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিদের অপসারণের দাবি জোরালো হয়।

সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রয়টার্স আরও স্মরণ করিয়ে দিয়েছে, গত ডিসেম্বরে সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন যে, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ