কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যরা। সোমবার (১ জুন) আছরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় এমপির শ্যালক ও একটি জাতীয় দৈনিকের জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসাদাহ বাজার এলাকার […]
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যরা। সোমবার (১ জুন) আছরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় এমপির শ্যালক ও একটি জাতীয় দৈনিকের জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তার দুই ছেলে শাহরিয়ার এবং রিমনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে এমপি মুফতি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি এমপির স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি মাইক্রোবাসে জীবননগরে যাচ্ছিলেন। পথে হাসাদাহ বাজারে একটি ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তা আটকে দাঁড়ালে গাড়িচালক সাদ্দাম হোসেন বিষয়টি নিয়ে কথা বলতে যান।
এ সময় ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করলেও হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে চালককে মারধর শুরু করেন। পরে আবু বক্কর নিজেকে এমপির শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায় বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এমপির স্ত্রীও লাঞ্ছনার শিকার হন বলে পরিবারের দাবি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীরা বর্তমানে নিরাপদে রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ছবি: ইত্তেফাক
সূত্র: ইত্তেফাক