সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৩৮ পিএম, ১৩ জুলাই ২০২৬

সংবিধান সংশোধন কমিটি গঠন, প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতের অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। তবে বিরোধী দল এই উদ্যোগ প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, […]

সংবিধান সংশোধন কমিটি গঠন, প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতের অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। তবে বিরোধী দল এই উদ্যোগ প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, কমিটিতে মোট ১৭ জন সদস্য থাকার কথা থাকলেও বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে। চিফ হুইপ জানান, বিরোধী দল সদস্যদের নাম না দেওয়ায় আপাতত ১২ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে। ভবিষ্যতে তারা নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক। এছাড়া গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, তাদের দল এই কমিটিতে সদস্য মনোনয়নের কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং প্রথম থেকেই তারা ভিন্ন অবস্থানে রয়েছে।

তার দাবি, বিরোধী দল সংবিধান সংশোধনের পরিবর্তে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। তিনি বলেন, এই দাবিকে পাশ কাটিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে তারা মনে করেন। এ কারণেই তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন।

শফিকুর রহমান আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত এবং জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো প্রয়োজন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, তাদের দল শুরু থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। তার অভিযোগ, সরকার সেই পথে না গিয়ে সংবিধান সংশোধনের জন্য পৃথক কমিটি গঠন করেছে। এ কারণেই বিরোধী দল নতুন কমিটিতে অংশ নেয়নি এবং ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সরকারপক্ষের বক্তব্য অনুযায়ী, সংবিধান সংশোধনের প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নই এই বিশেষ কমিটির মূল দায়িত্ব হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ