ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে নতুন করে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পালন করবেন। তিনি অনুপস্থিত থাকলে এই দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে নতুন করে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পালন করবেন। তিনি অনুপস্থিত থাকলে এই দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির ক্ষেত্রে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রজ্ঞাপনে অন্যান্য মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে আফরোজা খানমকে। তার অনুপস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী আন্দালিব রহমান। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন মন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রুকে। এই দুই মন্ত্রীর যেকোনো একজন অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই দায়িত্ব বণ্টন অবিলম্বে কার্যকর হবে। তবে এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ২১ আগস্ট চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। পরে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন ও নতুন দায়িত্ব বণ্টন করা হয়। সেই ধারাবাহিকতায় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বও নতুন করে নির্ধারণ করা হলো।