জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত রাতে বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, গভীর রাতে বিএসএফ সীমান্ত এলাকায় সার্চলাইট বন্ধ করে কয়েকজনকে বাংলাদেশে […]
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, গভীর রাতে বিএসএফ সীমান্ত এলাকায় সার্চলাইট বন্ধ করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নেন। পরে স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেন।
এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে বিজিবির পাশে অবস্থান নেন। তাদের প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ভেস্তে যায়।
এর আগেও রোববার রাতে বড়াইবাড়ী সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। সেবারও বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই উদ্যোগ সফল হয়নি।
সীমান্তবর্তী এলাকাবাসীর দাবি, গত কয়েকদিন ধরে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয় জনগণের সহযোগিতার কারণে এসব প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।
জামালপুর ৩৫ বিজিবির অধীন প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত এলাকায় বর্তমানে ১৫টি বিওপির সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
বিজিবির পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন ঢুকিয়ে দেওয়ার একাধিক চেষ্টা হয়েছে। তবে স্থানীয় জনগণের সহায়তায় বিজিবি সব ধরনের পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।