সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:২৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠ পরিদর্শন নৌবাহিনী প্রধানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (৪ ফেব্রুয়ারি) এই পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। […]

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠ পরিদর্শন নৌবাহিনী প্রধানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এই পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বর্তমানে নৌবাহিনী ১৬টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ২৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নৌবাহিনী প্রধান বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।

আইএসপিআর জানায়, উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান, নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াট টিম প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ