গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে বিদেশে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাসেল। নিহত গৃহবধূ সম্পা আক্তার (৩২) কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আন্দারমানিক জামতলা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে রাসেল তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ […]
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে বিদেশে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাসেল। নিহত গৃহবধূ সম্পা আক্তার (৩২) কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আন্দারমানিক জামতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে রাসেল তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষয়টিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে তিনি সম্পার মরদেহ জিরানী কেপিজে হাসপাতালে নিয়ে যান। পরে নিহতের স্বজনদের ফোন করে জানান, সম্পা আত্মহত্যা করেছেন।
তবে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে হত্যার অভিযোগে অনুসন্ধান শুরু করে।
তদন্ত চলাকালে পুলিশ জানতে পারে, অভিযুক্ত রাসেল দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) বলেন, স্ত্রীকে হত্যার পর বিদেশে পালানোর চেষ্টার তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।