বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু এবং মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আব্দুল আউয়াল মিন্টু গতকাল বৃহস্পতিবার দুপুরের পর বাসায় ফিরে গেছেন। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন […]
ছবি: সংগৃহীত
বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু এবং মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আব্দুল আউয়াল মিন্টু গতকাল বৃহস্পতিবার দুপুরের পর বাসায় ফিরে গেছেন। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁদের দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিন নেতার পরিবারের সদস্য এবং দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান গত বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয় তাঁকে।
ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য মিজানুর রহমান মিনুকে রাজশাহী থেকে বিএমইউতে আনা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাঁকে বেশ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন, সেগুলো করা হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান তিনি। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী।
অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুও হঠাৎ অসুস্থ বোধ করায় গত বুধবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরের পর তিনি বাসায় ফিরে যান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুল আউয়াল মিন্টু। তিনি জানান, অসুস্থ বোধ করায় আগেই হাসপাতালে গিয়েছিলেন, তবে তাঁর অসুস্থতা তেমন গুরুতর ছিল না। আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন বলেও উল্লেখ করেন এই মন্ত্রী।
সূত্র: দৈনিক ইত্তেফাক