ইরানের হামলার ঝুঁকি বাড়ায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রা করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়েই যাত্রা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা সহায়তা পাওয়ার সুযোগ থাকবে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে ওমানের উপকূলঘেঁষা পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে মে মাস থেকে আকাশভিত্তিক প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। তবে […]
ছবি: সংগৃহীত
ইরানের হামলার ঝুঁকি বাড়ায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রা করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়েই যাত্রা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে ওমানের উপকূলঘেঁষা পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে মে মাস থেকে আকাশভিত্তিক প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। তবে সেপ্টেম্বরের শুরু থেকে এই সুরক্ষার সময়সীমা কমিয়ে প্রতিদিন দুটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে।
মার্কিন নৌ সমন্বয় কেন্দ্রের পাঠানো বার্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোকে নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা করলে সবচেয়ে ভালো সামরিক সহায়তা পাওয়ার সুযোগ থাকবে। এর আগে তুলনামূলক দীর্ঘ সময়সীমার মধ্যে রাতেও জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হতো।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে রাতে চলাচলকারী জাহাজের ওপর ইরানের হামলা বেড়েছে। এই পরিস্থিতিতে জাহাজগুলোর নিরাপত্তা বাড়াতে যুক্তরাষ্ট্র চলাচলের সময় আরও নিয়ন্ত্রিত করেছে।
মার্কিন সামরিক সুরক্ষার জন্য বর্তমানে ওমানের উপকূলঘেঁষা দক্ষিণের পথটিকে তুলনামূলকভাবে নিরাপদ রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এই পথও ঝুঁকিমুক্ত নয়। জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্দেশনা ও মার্কিন সামরিক পরামর্শের মধ্যে পার্থক্য থাকায় নৌপরিবহন সংস্থাগুলোর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ফিন্যান্সিয়াল টাইমস বলছে, একটানা আকাশ প্রতিরক্ষা বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সামরিক সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ সময়ে সুরক্ষা জোরদার করতেই নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে।
এর ফলে হরমুজ দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। জাহাজ মালিকদের এখন শুধু নিরাপদ রুট বেছে নেওয়াই নয়, মার্কিন সামরিক সুরক্ষার সময়সূচির সঙ্গেও যাত্রা সমন্বয় করতে হচ্ছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে যায়। তাই সেখানে জাহাজ চলাচলের ওপর নিরাপত্তাজনিত বিধিনিষেধ থাকলে শুধু আঞ্চলিক বাণিজ্য নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়তে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট দেশগুলোর ভিন্ন ভিন্ন নির্দেশনার মধ্যে দিয়ে জাহাজগুলোকে চলাচল করতে হচ্ছে। ফলে নিরাপত্তা, বীমা ব্যয় ও পরিবহন পরিকল্পনা নিয়ে জাহাজ মালিকদের অনিশ্চয়তাও বাড়ছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স