ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আয়েশা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, তার ভাতিজা তৌহিদ হোসেন (১৮) ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুনের স্বামী তারা মিয়া। অভিযুক্ত তৌহিদ হোসেন তাদের নিকটাত্মীয়, তিনি তারা মিয়ার ভাই […]
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আয়েশা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, তার ভাতিজা তৌহিদ হোসেন (১৮) ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুনের স্বামী তারা মিয়া। অভিযুক্ত তৌহিদ হোসেন তাদের নিকটাত্মীয়, তিনি তারা মিয়ার ভাই লাল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পরিবারের দুই শিশুর মধ্যে ১০ টাকা পাওনা নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পারিবারিক ঝগড়ায় রূপ নেয়।
একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে তৌহিদ তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আয়েশা খাতুনকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযুক্ত তৌহিদকে আটক করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।