বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ‘রাজা ইলিশ’ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়। জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে […]
ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ‘রাজা ইলিশ’ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় তাঁর জালে ধরা পড়ে বড় আকৃতির এই ইলিশটি।
পরে মাছটি পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে নিলামে তোলা হয়। সেখানে ‘নিউ আলামিন ফিশের’ মালিক মৎস্য আড়তদার মো. টিপু খান সর্বোচ্চ ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন।
টিপু খান জানান, ২ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটির প্রতি মণের দাম হিসাবে দাঁড়ায় ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা। আরও ভালো দামে বিক্রির আশায় মাছটি সুবিধাজনক বাজারে পাঠানো হবে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, গত দুই বছরের মধ্যে এই ঘাটে এত বড় আকৃতির ইলিশ দেখা যায়নি। ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া মাছটিই এ সময়ের মধ্যে ঘাটে ধরা পড়া সবচেয়ে বড় ও সেরা ইলিশ।
বড় আকৃতির ‘রাজা ইলিশ’টি দেখতে পাথরঘাটা বিএফডিসি ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ। মাছটি ধরা পড়ায় স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ।