দি বাংলা ভয়েস : উত্তর গাজায় ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সময় চার জনকে হত্যা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। হামাস আরও জানায়, তাদের অস্ত্র জব্দ করা হয়েছে। তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। সোমবার (১ ডিসেম্বর) অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বলেছে, ‘শত্রু ইসরায়েলের হয়ে […]
দি বাংলা ভয়েস : উত্তর গাজায় ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সময় চার জনকে হত্যা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস।
হামাস আরও জানায়, তাদের অস্ত্র জব্দ করা হয়েছে। তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
সোমবার (১ ডিসেম্বর) অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বলেছে, ‘শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা চারজন গুপ্তচরকে গাজায় হত্যা করা হয়েছে।’
তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১১ অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্ততায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চলজুড়ে নিহতের সবশেষ সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।