সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:২১ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫

প্রবাসী ফি স্থায়ীভাবে বাতিল করল সৌদি সরকার

শিল্প লাইসেন্সের আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত প্রবাসী ফি স্থায়ীভাবে বাতিল করেছে সৌদি আরব সরকার। দেশটির কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে প্রবাসী ফি বাতিলের এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সৌদি গেজেট […]

প্রবাসী ফি স্থায়ীভাবে বাতিল করল সৌদি সরকার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শিল্প লাইসেন্সের আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত প্রবাসী ফি স্থায়ীভাবে বাতিল করেছে সৌদি আরব সরকার। দেশটির কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে প্রবাসী ফি বাতিলের এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে শিল্প খাতে সৌদি নাগরিকদের নিয়োগ উৎসাহিত করা এবং তেল-বহির্ভূত রাজস্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৭ সালে প্রবাসী শ্রমিকদের ওপর মাসিক ফি চালু করা হয়। শুরুতে কাজের ধরন অনুযায়ী এই ফি কর্মীপ্রতি মাসে সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ৭০০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তীতে প্রবাসী কর্মীর সংখ্যা সৌদি নাগরিকদের তুলনায় বেশি হয়ে যাওয়ায় ফি বাড়িয়ে সর্বনিম্ন ৪০০ এবং সর্বোচ্চ ৮০০ রিয়াল করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই অতিরিক্ত আর্থিক বোঝা বেসরকারি খাতের কোম্পানিগুলোর জন্য, বিশেষ করে উৎপাদন ও নির্মাণ শিল্পে, বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারিতে প্রবাসী ফি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে কয়েক দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা কার্যকর রাখা হয়েছিল। সর্বশেষ মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের মাধ্যমে এই ফি পুরোপুরি এবং স্থায়ীভাবে বাতিল করা হলো।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে সৌদি শিল্প খাতে কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে শিল্প খাতে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।

সৌদি আরব তেলনির্ভর অর্থনীতি থেকে সরে এসে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের লক্ষ্যে ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে কাজ করছে। এই পরিকল্পনায় শিল্প খাতকে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রবাসী ফি বাতিলের সিদ্ধান্তকে সেই লক্ষ্য অর্জনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আল খোরায়েফ বলেন, শিল্প শ্রমিকদের জন্য প্রবাসী ফি বাতিলের মন্ত্রিপরিষদীয় সিদ্ধান্ত টেকসই শিল্প উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে। তিনি এই সিদ্ধান্তের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের ফলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়বে এবং সৌদি শিল্প খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে সরকার আশাবাদী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ