বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চান। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। তার ওই পোস্টটি পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়। পোস্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন […]
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চান। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। তার ওই পোস্টটি পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।
পোস্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন জাইমা রহমান। তিনি লেখেন, দাদুকে নিয়ে তার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো—পরিবারের একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। নিজের স্কুলজীবনের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন তার বয়স ছিল এগারো। স্কুল ফুটবল টিম একটি টুর্নামেন্ট জিতলে তিনি একটি মেডেল পান। সেই মেডেলটি নিজ হাতে দাদুকে দেখাতে মা তাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে যান। গোলকিপার হিসেবে তার ভূমিকার গল্প মনোযোগ দিয়ে শোনেন খালেদা জিয়া এবং এতে তিনি ভীষণ গর্বিত হন, যা পরবর্তীতে অন্যদের কাছেও তিনি বলতেন।
জাইমা রহমান লেখেন, তিনি সবসময় জানতেন যে তার দাদুর কাঁধে একটি দেশের দায়িত্ব। লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু পরিবারের কাছে তিনি ছিলেন স্নেহশীল ‘দাদু’। পরিবারের সদস্যদের খেয়াল রাখা, সময় দেওয়া এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সাহস ও উৎসাহ দেওয়ার মধ্য দিয়েই তিনি নেতৃত্বের প্রথম শিক্ষা পেয়েছেন—যার মূল ছিল নম্রতা, আন্তরিকতা ও মন দিয়ে শোনার মানসিকতা।
বিদেশে কাটানো দীর্ঘ সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাইমা রহমান বলেন, বাংলাদেশের বাইরে কাটানো সতেরো বছর তার জীবনকে নানা ভাবে বদলে দিয়েছে। তবে তিনি কখনোই নিজের শিকড় ভুলে যাননি। লন্ডনের দিনগুলো তাকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, যদিও তার হৃদয় ও মন সবসময় বাংলাদেশেই ছিল।
আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে শৃঙ্খলা ও বিষয়ভিত্তিক জ্ঞান দিলেও মানুষের সঙ্গে কাজ করা তাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। আইন পেশায় কাজ করতে গিয়ে তিনি মানুষের জীবনের নানা গল্প কাছ থেকে দেখেছেন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব উপলব্ধি করেছেন। কারো জীবনের কঠিন সময়ে পাশে থাকার অভিজ্ঞতা যে শিক্ষা দেয়, তা কোনো শ্রেণিকক্ষ দিতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
পরিবারের আদর্শের কথা তুলে ধরে জাইমা রহমান বলেন, তিনি তার দাদাকে কখনো দেখেননি, তবে তার সততা ও দেশপ্রেমের কথা সবসময় শুনে এসেছেন। সেই আদর্শই তার দাদু ও বাবার মধ্যে বহমান। চব্বিশের গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের আগে-পরে তিনি নেপথ্যে থেকে যতটুকু পেরেছেন, ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
দেশে ফেরা প্রসঙ্গে জাইমা রহমান বলেন, বহু বছর পর দেশে ফিরছেন তিনি। এই ফেরা আবেগ ও অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে তিনি দাদুর পাশে থাকতে চান এবং এই সময়ে বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার পাশাপাশি নিজের অভিজ্ঞতায় বাংলাদেশকে নতুন করে জানতে এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি।
তিনি আরও বলেন, তার পরিবারকে ঘিরে জনগণের কৌতূহল ও প্রত্যাশা রয়েছে, যা কখনো আশার, কখনো প্রশ্নের। সেই প্রত্যাশা পূরণের দায়ভার তিনি অনুভব করেন। নিজের গল্প তুলে ধরে তিনি লেখেন, প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব গল্প থাকে, আর সেই গল্পগুলো ধারণ করেই সবাই একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারে।