সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে বেতনা নদী থেকে খনন করা মাটি লুটের ঘটনায় আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের দুই সদস্য আহত হন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন […]
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে বেতনা নদী থেকে খনন করা মাটি লুটের ঘটনায় আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের দুই সদস্য আহত হন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান। পরে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নেহালপুর ও আশপাশের এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে বেতনা নদী থেকে খনন করা মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছিল। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ওই মাটি সাতক্ষীরা শহরের এক ঠিকাদারের কাছে বিক্রি করা হয়েছে—এ তথ্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত মঙ্গলবার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। এরপরও কিসমত আলী ও তার সহযোগীরা মাটি কাটা চালিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, বুধবার ভোরে কিসমত আলীর নেতৃত্বে সাত–আটজন ব্যক্তি নেহালপুর স্লুইস গেটের পাশে স্তুপ করে রাখা নদীর মাটি ট্রলিতে তুলছে—এমন খবর পেয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানান। পরে বোর্ডের সহকারী প্রকৌশলী রাজকুমার মণ্ডল ঘটনাস্থলে গিয়ে মাটি কাটায় বাধা দিলে কিসমত ও তার সহযোগীরা তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।
পরবর্তীতে সকাল ১০টার দিকে ট্রলিভর্তি মাটিসহ কিসমত আলীকে আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এ সময় ফাঁড়িতে তাকে মারধর করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে কিসমতের স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে। কিসমতের ভাই রহমত, স্ত্রী শাহানারা, ভাইপো বাবুরালীসহ প্রায় ৩০–৩৫ জন ফাঁড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা কিসমতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে হামলাকারীরা এএসআই মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসানকে মারধর করে আহত করে এবং কিসমত আলীকে নিয়ে পালিয়ে যায়।
এদিকে অভিযুক্ত কিসমত আলী দাবি করেছেন, পুলিশের নিষেধ অমান্য করে তিনি মাটি কাটছিলেন—এটা সত্য। তবে আটক হওয়ার পর আর মাটি কাটবেন না বলে জানানো সত্ত্বেও ফাঁড়ির কর্মকর্তা তাকে মারধর করেছেন বলে তিনি অভিযোগ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০–৩০ জনকে আসামি করে বুধবার সন্ধ্যায় একটি মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেন পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন।