জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট বা আসন সমঝোতার উদ্যোগের বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি লিখিত স্মারকলিপি দিয়েছেন। ‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ শীর্ষক ওই স্মারকলিপিতে স্বাক্ষরকারী নেতারা স্পষ্টভাবে জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে […]
ছবি - সংগৃহীত
জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট বা আসন সমঝোতার উদ্যোগের বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি লিখিত স্মারকলিপি দিয়েছেন।
‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ শীর্ষক ওই স্মারকলিপিতে স্বাক্ষরকারী নেতারা স্পষ্টভাবে জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্মারকলিপিতে স্বাক্ষরকারী প্রথম ব্যক্তি, এনসিপির মিডিয়া সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জামায়াতে ইসলামীসহ একটি আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক সমঝোতার আলোচনা সামনে আসায় দলের ভেতরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে এ ধরনের জোট সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়।

নেতারা বলেন, দলের ভবিষ্যৎ জোটনীতি নির্ধারণে নীতিগত প্রশ্নগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। কৌশলগত সুবিধার জন্য আদর্শিক অবস্থান থেকে সরে আসা উচিত নয় বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, গত এক বছরে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিভাজনমূলক রাজনীতি, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশ, এনসিপির ওপর অপকর্মের দায় চাপানোর চেষ্টা এবং নারী সদস্যদের বিরুদ্ধে অনলাইন চরিত্রহননের মতো কর্মকাণ্ড উদ্বেগজনক। ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেশের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠছে বলেও স্মারকলিপিতে সতর্ক করা হয়।
স্মারকলিপিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে বলা হয়, স্বাধীনতাবিরোধী অবস্থান, গণহত্যায় সহযোগিতা এবং সেই ইতিহাসের দায় অস্বীকার করা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।
নেতারা বলেন, একটি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির দায়িত্ব হলো মানবাধিকার, ধর্মীয় সহনশীলতা, নারী-পুরুষের সমান মর্যাদা, সংখ্যালঘু সুরক্ষা ও নাগরিক অধিকারের প্রশ্নে আপসহীন থাকা। জামায়াতের সঙ্গে কোনো ধরনের জোট এই নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে।
স্মারকলিপিতে নাহিদ ইসলামকে স্মরণ করিয়ে দেওয়া হয়, অতীতে তিনি ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সংস্কার প্রশ্নে ঐকমত্যের ভিত্তিতে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণাও দেওয়া হয়েছিল। সম্প্রতি মনোনয়নপত্র বিক্রি ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১২৫ জন প্রার্থী ঘোষণার পর হঠাৎ সীমিত আসনের জন্য জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও মত দেন তারা।
নেতারা আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, জোটের সম্ভাবনার খবর প্রকাশের পর থেকেই দলের বহু সমর্থক ও সংগঠক এনসিপির প্রতি তাদের সমর্থন প্রত্যাহারের কথা ভাবছেন। এতে দলের মধ্যপন্থী ও নতুন ধারার রাজনীতির সমর্থক ভিত্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
শেষাংশে তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলামের প্রতি অনুরোধ জানান, জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে স্পষ্ট নীতিগত অবস্থান গ্রহণের জন্য। তাদের মতে, শক্তিশালী রাজনৈতিক দল গড়ে ওঠে অভ্যন্তরীণ নীতিনিষ্ঠ মতভেদকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই।
স্মারকলিপিতে এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের ৩০ জন নেতা স্বাক্ষর করেছেন।