সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে যুক্তরাজ্যপ্রবাসী এক বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল আয়োজনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে। সেখানে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে গত ২৪ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন […]
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে যুক্তরাজ্যপ্রবাসী এক বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল আয়োজনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে। সেখানে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে গত ২৪ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এম আহমদ যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি দেশে এসে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এম আহমদ রোজায় ইফতার মাহফিল আয়োজনের জন্য আগেই তার বাড়ির তত্ত্বাবধায়কের কাছে একটি গরু কেনার টাকা পাঠিয়েছিলেন। কিন্তু ইফতারের আগের দিন তত্ত্বাবধায়ক পাশের মাঠ থেকে এক প্রতিবেশীর গরু চুরি করে এনে জবাই করেন এবং তা দিয়েই ইফতার প্রস্তুত করা হয়। মাহফিলে গরুর মালিকসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
পরে গ্রাম থেকে একটি গরু চুরি যাওয়ার বিষয়টি সামনে এলে তদন্ত শুরু হয়। প্রবাসীর বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বাড়ির তত্ত্বাবধায়কই গরুটি চুরি করে এনেছেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর গ্রাম্য সালিসে তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেন।
ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী জানান, গরুটি যে চুরি করা ছিল, তা এম আহমদের জানা ছিল না। বিষয়টি জানার পর তিনি গরুর মালিককে ডেকে ন্যায্য মূল্য পরিশোধ করেন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বাড়ির তত্ত্বাবধায়ককে কাজ থেকে বরখাস্ত করেন।
গ্রামবাসী রেজওয়ান আহমদ বলেন, ইফতারের আয়োজনের জন্য আগেই গরু কেনার টাকা পাঠানো হয়েছিল। কিন্তু তত্ত্বাবধায়ক হয় টাকা খরচ করে ফেলেন, নয়তো গরু কিনে বিক্রি করে দেন। পরে নিজের ভুল ঢাকতেই প্রতিবেশীর গরু চুরি করেন।
একই গ্রামের বাসিন্দা হোসেন আহমদ জানান, প্রায় ১৭ বছর পর দেশে ফিরে এম আহমদ নিজ বাড়িতে ইফতার আয়োজনের কথা জানিয়েছিলেন। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং পুরো বিষয়টি জানার পর তিনি দ্রুত সমাধানের উদ্যোগ নেন।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, ঘটনার জন্য প্রবাসীর কোনো দায় নেই। তত্ত্বাবধায়ক সাইদ একাই গরুটি চুরি করেছেন। প্রবাসী এম আহমদ ন্যায্য মূল্য পরিশোধ করেছেন, তাই তার প্রতি কোনো অভিযোগ নেই।