অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১০ ফেব্রুয়ারি জারি করা এক সরকারি গেজেটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারার আওতায় তাকে এই মর্যাদা ও নিরাপত্তা সুবিধা প্রদান করা হয়েছে। এর ফলে দায়িত্ব ছাড়ার পরও ড. […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১০ ফেব্রুয়ারি জারি করা এক সরকারি গেজেটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারার আওতায় তাকে এই মর্যাদা ও নিরাপত্তা সুবিধা প্রদান করা হয়েছে। এর ফলে দায়িত্ব ছাড়ার পরও ড. ইউনূস বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কড়া নিরাপত্তা বলয়ের পাশাপাশি ভিভিআইপি পর্যায়ের প্রটোকল সুবিধা ভোগ করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। আদেশ অনুযায়ী, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষে দীর্ঘ সময় ধরে তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ও আনুষ্ঠানিক সম্মান লাভ করবেন। সরকার মনে করছে, এটি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তার মর্যাদার স্বীকৃতিও বহন করে।
উল্লেখ্য, দায়িত্ব শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টাকে ভিআইপি মর্যাদা দেওয়ার নজির দেশে আগে থাকলেও এবার সময়সীমা তুলনামূলকভাবে অনেক বেশি। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর জারি করা এক গেজেটে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে মাত্র তিন মাসের জন্য একই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছিল।