পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে—যুক্তরাষ্ট্র কি সত্যিই এটি দখলের পথে যেতে পারে? খারগ দ্বীপ ইরানের জ্বালানি অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশটির সমুদ্রপথে তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই […]
ছবি: সংগৃহীত
পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে—যুক্তরাষ্ট্র কি সত্যিই এটি দখলের পথে যেতে পারে?
খারগ দ্বীপ ইরানের জ্বালানি অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশটির সমুদ্রপথে তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে হয়, ফলে এটি ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশাল তেলবাহী ট্যাঙ্কার সহজে ভিড়তে পারে এমন গভীর জলসীমায় অবস্থান করায় দ্বীপটির গুরুত্ব আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি এ দ্বীপকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেয়, তবে মূল উদ্দেশ্য হবে ইরানের তেল রপ্তানি ব্যাহত করে দেশটিকে কূটনৈতিক চাপের মুখে ফেলা। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং শান্তি আলোচনায় তেহরানকে নমনীয় করা—এ দুই লক্ষ্য সামনে রেখেই ওয়াশিংটন খারগকে একটি লিভারেজ হিসেবে দেখছে।
তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি দখল করা যতটা সহজ মনে হয়, ধরে রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। ইরানের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি হওয়ায় যেকোনো বাহিনী সেখানে গেলে তা দ্রুত পাল্টা হামলার মুখে পড়তে পারে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এটি দীর্ঘমেয়াদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
ইরানও ইতোমধ্যে দ্বীপটির নিরাপত্তা জোরদার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তেহরান স্পষ্ট করে বলেছে, কোনো বিদেশি বাহিনী সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।
সব মিলিয়ে খারগ দ্বীপ এখন শুধু একটি তেল টার্মিনাল নয়, বরং ইরান যুদ্ধের অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে একই সঙ্গে কূটনৈতিক আলোচনাও চলছে, তাই অনেকেই মনে করছেন—এই দখল-আলোচনা বাস্তব সামরিক পদক্ষেপের চেয়ে চাপ তৈরির কৌশলও হতে পারে।