বর্ডার গার্ড বাংলাদেশে’র যশোর ব্যাটালিয়ন-৪৯ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিভিন্ন দেশের মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। তিনি ঢাকার চোরাকারবারিদের […]
ছবি: সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশে’র যশোর ব্যাটালিয়ন-৪৯ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিভিন্ন দেশের মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। তিনি ঢাকার চোরাকারবারিদের কাছ থেকে হীরা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিলেন। চোরাই হীরাগুলো ভারতের কলকাতায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল।
উদ্ধার করা হীরার মোট ওজন ১৫৫ দশমিক ৭৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। বিজিবি যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করিয়ে প্রাথমিকভাবে সেগুলো আসল হীরা হিসেবে নিশ্চিত হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক সুজাউদ্দিন জানিয়েছেন, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।
আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশি নগদ ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা হীরা ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিজিবি মহাপরিচালকের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি অনুযায়ী সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, হীরা এবং অন্যান্য চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সবসময় সক্রিয় রয়েছে।