মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইসরায়েল পুরোপুরি যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সমন্বয় করে চলছে এবং তিনি নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে যেতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল একটি “ভালো টিম প্লেয়ার” এবং তারা যুক্তরাষ্ট্রের কৌশলগত নির্দেশনার বাইরে যাবে না। […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইসরায়েল পুরোপুরি যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সমন্বয় করে চলছে এবং তিনি নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে যেতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল একটি “ভালো টিম প্লেয়ার” এবং তারা যুক্তরাষ্ট্রের কৌশলগত নির্দেশনার বাইরে যাবে না। তার ভাষায়, “আমি যখন থামতে বলব, তখনই তারা থামবে”—তবে তিনি যোগ করেন, যদি তারা নতুন কোনো উসকানির মুখে পড়ে, তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে।
এদিকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আরও জোরদার হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার তেহরানের একটি শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্র, একটি ইস্পাত কারখানা এবং রাজধানীর কাছে একটি গুরুত্বপূর্ণ সেতুতে বিমান হামলার খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতির জেরে মধ্যপ্রাচ্যের অন্য অংশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে কুয়েত বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও জরুরি বিভাগ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে সৌদি আরব তাদের আকাশসীমার দিকে ধেয়ে আসা কয়েকটি ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। বাহরাইনের একটি মহাসড়কের কাছেও ভূপাতিত গোলার ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্রোয়েশিয়ায় পাঁচ দিনের যাত্রাবিরতি শেষে বন্দর ত্যাগ করেছে। জাহাজটির পরবর্তী গন্তব্য গোপন রাখা হলেও পারস্য উপসাগর এলাকায় সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক মার্কিন মেরিন ও সেনা মোতায়েন নতুন জল্পনা তৈরি করেছে।
কূটনৈতিক ও সামরিক মহলে ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন ইরানকে ঘিরে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।