নেপালে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি যেখানে দ্রুত মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছে, বাংলাদেশে সেখানে ২০২৪ সালের গণ-আন্দোলনের তরুণ অংশগ্রহণকারীরা এখনো কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারেনি। বিবিসির এক বিশ্লেষণে এমন চিত্রই উঠে এসেছে। গত মাসে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ শপথ নেওয়ার পর দেশটির সংসদে তরুণদের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দেয়। […]
ছবি: সংগৃহীত
নেপালে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি যেখানে দ্রুত মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছে, বাংলাদেশে সেখানে ২০২৪ সালের গণ-আন্দোলনের তরুণ অংশগ্রহণকারীরা এখনো কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারেনি। বিবিসির এক বিশ্লেষণে এমন চিত্রই উঠে এসেছে।
গত মাসে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ শপথ নেওয়ার পর দেশটির সংসদে তরুণদের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দেয়। এর বিপরীতে বাংলাদেশে ছাত্রনেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রথম নির্বাচনে প্রত্যাশিত ফল করতে পারেনি। উল্টো অভিজ্ঞ দল বিএনপি বড় জয় পায়, আর তরুণদের নতুন উদ্যোগ বেশ পিছিয়ে পড়ে।
বাংলাদেশের জেন-জি আন্দোলনে সক্রিয় থাকা উমামা ফাতেমা বলেন, নেপালের তরুণরা যেভাবে নিজেদের সংগঠিত করেছে, তা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে। তার মতে, শুধু রাস্তায় নামা যথেষ্ট নয়; সেই আন্দোলনকে সংগঠিত রাজনৈতিক কাঠামোয় রূপ দিতে হয়।
নেপালে তরুণ রাজনীতির উত্থানের পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। প্রথমত, সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে একক দলের আধিপত্য ছিল না। বারবার সরকার বদল, জোট রাজনীতি এবং পুরোনো দলগুলোর প্রতি মানুষের অনাস্থা নতুন দলকে গ্রহণযোগ্য করে তোলে। সেই সুযোগেই চার বছর বয়সি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি শক্ত অবস্থান তৈরি করতে পারে।
ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক নীতাশা কৌল বলেন, নেপালে মূল তিনটি দলই জনসমর্থন হারায়। ফলে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আরএসপি বেশি সুবিধা পায়। তার মতে, বালেন্দ্র শাহের জনপ্রিয়তা এবং তরুণ আন্দোলনকারীদের একটি অংশের আরএসপিতে যুক্ত হওয়াও এই সাফল্যে বড় ভূমিকা রাখে।
অন্যদিকে বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী নিজেদের আন্দোলনের উত্তরাধিকারী ও ভুক্তভোগী শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে, এতে তরুণদের নতুন প্ল্যাটফর্মটি জনসমর্থন ধরে রাখতে পারেনি।
গবেষক ইমরান আহমেদ মনে করেন, পুরোনো দলগুলো নিজেদের সংস্কারপন্থি হিসেবে উপস্থাপন করে তরুণদের শক্তি নিজেদের দিকে টেনে নিতে পেরেছে। এনসিপির ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটও তাদের জন্য নেতিবাচক হয়েছে বলে বিশ্লেষকদের একাংশের মত। এতে বিশেষ করে নারী ভোটারদের একটি অংশ দূরে সরে যায়।
দিল্লিতে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তর মতে, জেন-জি রাজনীতির বদলে ক্ষমতার হিসাবকে বেশি গুরুত্ব দেওয়ায় এনসিপি সুযোগ হারিয়েছে। তিনি বলেন, বড় পরিসরে ভোটার টানার সম্ভাবনা থাকলেও কৌশলগত ভুল সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
আরেকটি বড় পার্থক্য ছিল সময়। নেপালে আন্দোলন থেকে নির্বাচনের ব্যবধান ছিল মাত্র কয়েক মাস, ফলে গণ-আন্দোলনের গতি অটুট থাকে। কিন্তু বাংলাদেশে আন্দোলন ও নির্বাচনের মধ্যে দেড় বছরের বেশি সময় চলে যাওয়ায় আবেগ ও চাপ অনেকটাই কমে যায়।
তবে বাংলাদেশি তরুণরা একেবারে ব্যর্থ হয়নি বলেও মনে করছেন বিশ্লেষকেরা। আন্দোলনের ফলে রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান পরিবর্তন এবং জবাবদিহির প্রশ্ন জাতীয় আলোচনায় এসেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
উমামা ফাতেমার ভাষায়, তরুণদের একটি বড় অংশ এখন হতাশ এবং অনেকেই দেশের বাইরে সুযোগ খুঁজছে। তবু কিছু মানুষ এখনো মনে করেন, সংগঠন গড়ে তুলতে পারলে এনসিপি ভবিষ্যতে আরও শক্ত অবস্থান নিতে পারে।
নেপাল আর বাংলাদেশের তরুণদের লক্ষ্য একটাই—পরিবর্তন। তবে এক দেশে সেই পরিবর্তন সংসদ পর্যন্ত পৌঁছেছে, আর আরেক দেশে তা এখনও পথ খুঁজছে।