বরিশালের উজিরপুরে স্বামীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানেরা। শুক্রবার উপজেলার ডাকবাংলো এলাকায় নিজের ভাইয়ের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষিকা সারমিন আক্তার নিপা। এ সময় তার দুই পুত্রও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সারমিন আক্তার […]
ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে স্বামীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানেরা।
শুক্রবার উপজেলার ডাকবাংলো এলাকায় নিজের ভাইয়ের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষিকা সারমিন আক্তার নিপা। এ সময় তার দুই পুত্রও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সারমিন আক্তার নিপা অভিযোগ করেন, তার স্বামী মোহাম্মদ শাজাহান হাওলাদার সুমন (৪৪) গত ৬ এপ্রিল ঢাকার উত্তরখান এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান।
তিনি জানান, ঘটনার দিন সকাল ১১টার দিকে তিনি ছোট ছেলে হামীম হোসাইন সানমুনকে নিয়ে শিক্ষা কার্যক্রম শেষে বাড়ি ফিরে দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে স্বামীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি কাছে গিয়ে দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
সারমিন আক্তার নিপা আরও বলেন, স্বামীকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও স্থানীয়রা তাতে সাড়া দেননি। পরে দ্রুত গোসল ও জানাজার ব্যবস্থা করা হয়।
তার অভিযোগ, বিষয়টি শাশুড়িকে জানালে তারা লাশ বাড়িতে নেওয়ার কথা বলেন। কিন্তু লাশ বাড়িতে আনার পর শাশুড়ি ও ননদের পক্ষ থেকে তার ও সন্তানদের ওপর হামলা চালানো হয় এবং মৃত্যুকে ঘিরে নানা সন্দেহ প্রকাশ করা হয়।
তিনি জানান, এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সংবাদ সম্মেলনে সারমিন আক্তার নিপা দাবি করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নানা সময়ে অসুস্থ হয়ে পড়তেন। এ নিয়ে পারিবারিক বিরোধও ছিল বলে তিনি জানান। তার আশঙ্কা, তার অনুপস্থিতির সুযোগে স্বামীর মাদকসেবী বন্ধুদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।